শনিবার, ৭ নভেম্বর ২০২৬

মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করে পথচারীদের সঙ্গে কথা বলেছেন এবং নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।
মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা-অসুবিধা শোনেন এবং স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

শনিবার সকালে প্রধানমন্ত্রী মিরপুর-১০ এলাকা পরিদর্শনে যান বলে জানান তাঁর সরকারী প্রেস সচিব একেএম নাজমুল হক।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পথচারীদের কাছে জানতে চান, আগে হকারদের দখলে থাকা ফুটপাত উচ্ছেদের পর চলাচলে তাদের কতটা সুবিধা হয়েছে। বর্তমানে হাঁটাচলায় কোনো সমস্যা হচ্ছে কি না এবং নগরীর ফুটপাত ও সড়ক ব্যবস্থাপনা নিয়ে কোনো ভোগান্তি রয়েছে কি না, সে বিষয়েও তিনি খোঁজ নেন।

প্রধানমন্ত্রী সাধারণ মানুষের অভিজ্ঞতা ও মতামত শোনেন। তিনি রাজধানীর ফুটপাতগুলো পথচারীদের ব্যবহারের উপযোগী রাখা, সড়ক ও ফুটপাতের শৃঙ্খলা বজায় রাখা এবং চলাচলে প্রতিবন্ধকতা দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

তিনি বলেন, নগরীর ফুটপাত মূলত পথচারীদের চলাচলের জন্য। তাই ফুটপাত দখলমুক্ত রেখে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা জরুরি।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box