শনিবার, ৭ নভেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে ইলিশ ধরায় ৩৪ জেলে আটক

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় ইলিশ শিকারের অভিযোগে ৩৪ জেলেকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে প্রায় ২ মণ ইলিশ ও ১ লাখ ২০ হাজার মিটার জাল।
লক্ষ্মীপুরে ইলিশ ধরায় ৩৪ জেলে আটক

অনলাইন ডেস্ক: লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকার করার অপরাধে ৩৪ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ২ মণ ইলিশ ও ১ লাখ ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়।

আটক জেলেদের চারটি মামলায় মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

এর আগে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ৩৪ জেলেকে অর্থদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা মেঘনা নদীতে ইলিশ শিকারে যান। পরে মৎস্য বিভাগ ও কোস্ট গার্ডের অভিযানে তাদের আটক করা হয়। জব্দ করা ইলিশ স্থানীয় চারটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। আর ১ লাখ ২০ হাজার মিটার জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

২২ দিনের নিষেধাজ্ঞা

মৎস্য বিভাগ জানায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মেঘনা নদীর রামগতির চর আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১শ’ কিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞা জারি রয়েছে। এ সময় মাছ আহরণ, পরিবহণ, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ।

নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, কোস্ট গার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেঘনা নদীতে অভিযান জোরদার করেছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা, দুই বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box