শনিবার, ৭ নভেম্বর ২০২৬

চীনের সহায়তায় ৮ কারিগরি প্রতিষ্ঠান আধুনিকায়ন ও যৌথ বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত

চীনের সহায়তায় বাংলাদেশের আটটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকায়ন, যৌথ শিক্ষাক্রম চালু এবং কারিগরি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় দুই দেশ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
চীনের সহায়তায় ৮ কারিগরি প্রতিষ্ঠান আধুনিকায়ন ও যৌথ বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক: চীনের সহায়তায় বাংলাদেশের আটটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকায়ন, যৌথ ২+২ ও ৩+১ মডেলের কারিগরি শিক্ষাক্রম চালু এবং একটি যৌথ কারিগরি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বাংলাদেশ ও চীনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

১৭ অক্টোবর চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ডেভেলপমেন্ট কনফারেন্স ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। একই অনুষ্ঠানে বৈশ্বিক দক্ষতা উন্নয়নের কাঠামো ‘ফ্রেমওয়ার্ক অব ওয়ার্ল্ড ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন স্ট্যান্ডার্ডস (বেইজিং এগ্রিমেন্ট)’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশের পক্ষে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং চীনের পক্ষে শিক্ষা উপমন্ত্রী ওয়াং গুয়াংইয়ান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সম্মেলনে ৪০টিরও বেশি দেশের শিক্ষামন্ত্রী এবং শতাধিক দেশের সরকারি প্রতিনিধিদল অংশ নেয়। বেইজিং এগ্রিমেন্টের পাশাপাশি চীনে বৃত্তিমূলক শিক্ষা বিষয়ক শ্বেতপত্র, লুবান ওয়ার্কশপের জাতীয় মানদণ্ড এবং আন্তর্জাতিক কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ সহযোগিতা নিয়ে আরও কয়েকটি দলিল প্রকাশ করা হয়।

সমঝোতা স্মারক অনুযায়ী, চীনের কারিগরি শিক্ষাক্রম, শিক্ষাদান পদ্ধতি ও ব্যবহারিক প্রশিক্ষণ মডেল অনুসরণ করে বাংলাদেশের আটটি প্রতিষ্ঠান আধুনিকায়ন করা হবে। পাশাপাশি বাংলাদেশে যৌথ উদ্যোগে একটি কারিগরি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ২+২ ও ৩+১ মডেলের একাডেমিক কর্মসূচি চালু, স্মার্ট শ্রেণিকক্ষ ও আধুনিক প্রশিক্ষণ সুবিধা স্থাপন করা হবে।

এ ছাড়া চীনের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানে বাংলাদেশি কারিগরি শিক্ষার্থীদের সরাসরি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনা বৃত্তির সুযোগ সম্প্রসারণের কথা রয়েছে।

মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, সমঝোতা স্মারক ও বেইজিং এগ্রিমেন্ট বাংলাদেশের দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষায় গতি আনবে। তাঁর আশাবাদ, বৈশ্বিক কারিগরি শিক্ষার মানদণ্ড ও দ্বিপক্ষীয় সহযোগিতা বাংলাদেশি তরুণদের জন্য আন্তর্জাতিক কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে।

চুক্তি বাস্তবায়নে চীনের গুয়াংডং, জিয়াংসি এবং অন্যান্য প্রদেশের খ্যাতনামা কারিগরি ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো অংশীদার হিসেবে কাজ করবে।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box