শনিবার, ৭ নভেম্বর ২০২৬

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পরিষ্কার রাখতে হবে: খোকন তালুকদার এমপি

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পরিষ্কার রাখতে হবে: খোকন তালুকদার এমপি

অনলাইন ডেস্ক: মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, পরিবারের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিজেদের প্রতিষ্ঠান মনে করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এসব প্রতিষ্ঠানকে বাসযোগ্য ও ব্যবহারোপযোগী রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।

শনিবার সকালে কালকিনি পৌরসভা আয়োজিত ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খোকন তালুকদার বলেন, মানুষ যেখানেই সেবা নিতে যাবে, সেই সেবা প্রতিষ্ঠানকে নিজের বাড়ি-ঘরের মতো মনে করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং তাদের পাশে থাকতে আগ্রহী—এ কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর কর্মী হিসেবে তারাও মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর। তবে এ জন্য জনগণকে সচেতন হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানে কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, সদস্য সচিব মো. সাইফুল ইসলাম, যুবদল নেতা শামীম মোল্লা ও মামুন সিকদারসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box