শনিবার, ৭ নভেম্বর ২০২৬

কাঠের বদলে বাঁশ, ঢালাইয়ের সময় কালভার্ট ধস; চাকরি হারালেন কার্যসহকারী

টাঙ্গাইলের পার্ক বাজারে বাঁশের সাটারিং ব্যবহারের সময় কালভার্ট ধসে পড়েছে। কার্যসহকারীকে চাকরিচ্যুত ও সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
কাঠের বদলে বাঁশ, ঢালাইয়ের সময় কালভার্ট ধস; চাকরি হারালেন কার্যসহকারী

অনলাইন ডেস্ক: টাঙ্গাইল শহরের পার্ক বাজারে ঐতিহ্যবাহী শ্যামা বাবু খালের ওপর নির্মিত কালভার্টের সাটারিংয়ে কাঠের পরিবর্তে বাঁশ ব্যবহার করায় ঢালাইয়ের সময় সেটি ধসে পড়েছে। এ ঘটনায় অস্থায়ী ভিত্তিতে নিয়োগকৃত কার্যসহকারী মো. আব্দুল আওয়ালকে চাকরিচ্যুত করা হয়েছে এবং সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মো. নাজমুল হাসানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার এ ঘটনায় গণপূর্তের নির্বাহী প্রকৌশলী শম্ভুরাম পালকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আনিসুর রহমান। এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহনাজ পারভীনকে কমিটির সদস্যসচিব এবং জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী মো. রাইসুল ইসলামকে সদস্য করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

জানা গেছে, ১৩ লাখ ৮৮ হাজার ৫৫৪ টাকা ব্যয়ে খালের ওপর কালভার্ট নির্মাণে এফ এ ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয় টাঙ্গাইল পৌরসভা। গত বুধবার সাটারিংয়ে কাঠের পরিবর্তে বাঁশ ব্যবহার করে ঢালাইয়ের সময় কালভার্টটি ধসে পড়ে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তদন্ত কমিটি গঠন করা হয়।

শনিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে কয়েকজন শ্রমিককে পুনরায় সাটারিংয়ের কাজ করতে দেখা যায়। বাজারের ব্যবসায়ীরা তাঁদের কাছে কালভার্ট ধসের বিষয়ে জানতে চান।

ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন, কালভার্ট নির্মাণের কাজ ধীরগতিতে হওয়ায় হাজার হাজার মানুষ ও ব্যবসায়ী ভোগান্তিতে পড়ছেন। কাজের মান নিয়েও প্রশ্ন রয়েছে বলে তিনি জানান।

টাঙ্গাইল পৌরসভার নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর মূল বিষয় জানা যাবে। তবে ঠিকাদারকে এখনো কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি।

পৌরসভার প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পৌরসভা পৌরবাসীর কাছে দুঃখ প্রকাশ করছে। ঘটনার পরপরই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাৎক্ষণিকভাবে কাজ বন্ধের নির্দেশ দেন। নতুন করে সাটারিং করে কাজ চালানোর জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

সূত্র: Daily Amader Matribhumi

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box