
অনলাইন ডেস্ক: নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে বলে মন্তব্য করেছেন এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা।
শনিবার (১৭ অক্টোবর) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তাসনিম জারা দাবি করেন, অস্ত্র হাতে মানুষকে ধাওয়া করা একজন সরকারের প্রতিমন্ত্রী এবং সেই ঘটনার ভিডিও তাঁর নিজের পেজ থেকেই প্রচার করা হচ্ছে। তাঁর প্রশ্ন, প্রকাশ্যে এমন গুন্ডামি দেখানো ব্যক্তি কীভাবে দেশ শাসনের দায়িত্ব পান।
তিনি বলেন, সমাজে যোগ্য ও দায়িত্বশীল মানুষ থাকলেও তাঁদের নির্বাচনে দাঁড়ানো, প্রতিদ্বন্দ্বিতা করা এবং সংসদে যাওয়ার বাস্তব সুযোগ প্রায় বন্ধ করে রাখা হয়েছে। নতুন স্বতন্ত্র প্রার্থীকে শুরুতেই হাজার হাজার মানুষের স্বাক্ষর সংগ্রহ করতে হয়। অন্যদিকে দলীয় মনোনয়নের প্রক্রিয়াও তদবিরনির্ভর বলে তিনি মন্তব্য করেন।
তাসনিম জারার ভাষ্য, মনোনয়ন বৈধ হওয়ার পর নির্বাচনী ব্যয়ের সীমা আইন মেনে চলা প্রার্থীর জন্য বাধা হয়ে দাঁড়ায়। প্রভাবশালী প্রার্থীরা সীমা অতিক্রম করে অর্থ ব্যয় করলেও কমিশন তা উপেক্ষা করে বলে তিনি অভিযোগ করেন।
ভোটের দিন ভোটকেন্দ্রের নিরাপত্তা ও অনিয়ম ঠেকানোর দায়িত্ব রাষ্ট্রের হলেও বাস্তবে প্রার্থীকেই প্রতিপক্ষের পেশিশক্তি মোকাবিলা করতে হয় বলে তিনি উল্লেখ করেন। বৈধ পোলিং এজেন্টদেরও নানা অজুহাতে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয় না বলে তাঁর দাবি।
তিনি লেখেন, এই ব্যবস্থায় অস্ত্র, গুন্ডাবাহিনী, বিপুল অর্থ ও প্রভাব থাকা প্রার্থীরাই এগিয়ে থাকেন। ভালো মানুষ রাজনীতিতে আসেন না কেন—এমন প্রশ্ন তোলার আগে নির্বাচনী ব্যবস্থার বাস্তবতা বিবেচনা করা উচিত বলেও তিনি মন্তব্য করেন।
তাসনিম জারা বলেন, নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে এই গুন্ডাতন্ত্রই দেশ শাসন করে যাবে।
সূত্র: Daily Amader Matribhumi





মন্তব্য করুন