
অনলাইন ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নীলফামারীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। পূজামণ্ডপে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সাদাপোশাকে সদস্য মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক প্রচারণা প্রতিরোধে কাজ করবে সাইবার মনিটরিং টিম।
শনিবার সকালে নীলফামারী কেন্দ্রীয় কালীমন্দিরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১৩-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. আবু রোহানী পারভেজ রনী।
লিখিত বক্তব্যে তিনি জানান, শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্যাপন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং নাশকতা প্রতিরোধে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করবে এসআরবি-১৩। এ জন্য পূজামণ্ডপে টহল ও গোয়েন্দা কার্যক্রম বাড়ানোর পাশাপাশি সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখা হবে।
তিনি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য, গুজব বা উসকানিমূলক প্রচারণার মাধ্যমে কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য সাইবার মনিটরিং কার্যক্রম জোরদার করা হবে। প্রতিমা বিসর্জনের দিনও বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে।
পূজামণ্ডপে হামলা, ভাঙচুর বা গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে এসআরবি-১৩।
সূত্র: Daily Amader Matribhumi





মন্তব্য করুন