
অনলাইন ডেস্ক: ফেনীতে চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ১০ মাসে ৯৫৭ কোটি ১৩ লাখ ১৪ হাজার ৩২৮ টাকার মাদক ও চোরাচালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন অপরাধ দমনে ১৩টি ব্যাটালিয়নের অভিযানে এসব জব্দ করা হয়।
বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, বিদেশি মদ, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। পাশাপাশি পাথর ও অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধেও অভিযান চালানো হয়েছে।
রোববার দুপুর সাড়ে ১২টায় ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে অধিনায়ক লে. কর্ণেল হাসিবুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি জানান, বিজিবি সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ প্রায় ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্তের চারটি সেক্টরের অধীনে ১৩টি ব্যাটালিয়নের ২১১টি বিওপি সার্বক্ষণিক নজরদারি ও টহল পরিচালনা করছে।
লে. কর্ণেল হাসিবুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ১১টি পিস্তল, সাতটি এয়ারগান, পাঁচটি পাইপগান, ৬২ রাউন্ড কার্তুজ, ১৯ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর এবং ৭৭ মিটার ডেটোনেটরের তার উদ্ধার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে জব্দ করা হয়েছে ৩ লাখ ৪০ হাজার ৮১৫ পিস ইয়াবা, ১৪ হাজার ৯৬৭ কেজি গাঁজা, ৬৩ হাজার ৭৫৫ বোতল বিদেশি মদ, ১৬ হাজার ৬৮০ বোতল ফেনসিডিল ও কফ সিরাপ এবং ৪ লাখ ৩২ হাজার ৫১০ পিস বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট। এ সময় আটক ৩৩৩ জন আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রাকৃতিক সম্পদ রক্ষায় পরিচালিত অভিযানে ১৬ হাজার ৮০০ ঘনফুট পাথর ও ৮ হাজার ২০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান লে. কর্ণেল হাসিবুল ইসলাম। তাঁর বক্তব্য অনুযায়ী, ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পরশুরাম বক্স মাহমুদ উচ্চবিদ্যালয়ে একটি বেইজ ক্যাম্প স্থাপনসহ পাঁচটি প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন