শনিবার, ৭ নভেম্বর ২০২৬

ইসরায়েল থেকে অস্ট্রিয়াগামী বিমানে বোমার হুমকি

বোমা হামলার হুমকির পর তেল আবিব থেকে ভিয়েনাগামী একটি ফ্লাইট সোফিয়ায় জরুরি অবতরণ করে। তল্লাশি শেষে মিগ-২৯ যুদ্ধবিমানের পাহারায় বিমানটি ভিয়েনায় পৌঁছে।
ইসরায়েল থেকে অস্ট্রিয়াগামী বিমানে বোমার হুমকি

অনলাইন ডেস্ক: বোমা হামলার হুমকির জেরে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব থেকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাগামী একটি ফ্লাইট বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। রোববার এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, তেল আবিব থেকে উড্ডয়নের পর রোমানিয়ার কাছাকাছি পৌঁছালে উড়োজাহাজটির ক্রুরা একাধিকবার বোমা হামলার হুমকি পান। এরপর পাইলটরা সোফিয়ায় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। অবতরণের পর যাত্রীদের নিরাপদে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়।

সোফিয়ার বিমানবন্দরে উড়োজাহাজটি তল্লাশি শেষে আবার ভিয়েনার উদ্দেশে রওনা হয়। প্রচলিত কার্যপদ্ধতি অনুযায়ী, নিরাপত্তার জন্য বুলগেরীয় বিমানবাহিনী একটি মিগ-২৯ যুদ্ধবিমান পাঠায়। সেটি যাত্রীবাহী উড়োজাহাজটিকে পাহারা দিয়ে ভিয়েনায় পৌঁছে দেয়।

এয়ারলাইনস কর্তৃপক্ষ এএফপিকে জানিয়েছে, এয়ারবাস এ৩২০ মডেলের উড়োজাহাজটিতে ৫১ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। হুমকি পাওয়ার প্রায় আধা ঘণ্টা পর বিমানটি সোফিয়ায় নিরাপদে অবতরণ করে। এরপর সেটিতে নিরাপত্তা তল্লাশি শুরু হয়।

ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, ‘ওই-এলজেডই’ নিবন্ধিত বিমানটি রাত ৯টা ১০ মিনিটের দিকে রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করে। পরে সেটি দক্ষিণ দিকে ঘুরে সোফিয়ায় অবতরণ করে। এডিএস-বি এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, ওই সময় বিমানটি ‘স্কোয়াক কোড ৭৭০০’ সংকেত পাঠাচ্ছিল, যা সাধারণ জরুরি অবস্থার ইঙ্গিত দেয়।

বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনায় একটি সংকট মোকাবিলা দল গঠন করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

এর আগে গত মাসের শেষ দিকে দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে কো-পাইলট ক্যাপ্টেনকে আক্রমণ করেন। অভিযোগ রয়েছে, তিনি ইচ্ছাকৃতভাবে বিমানটি বিধ্বস্ত করার পরিকল্পনা করেছিলেন। তবে ক্যাপ্টেন, যাত্রী ও ক্রুদের হস্তক্ষেপে তাকে থামানো সম্ভব হয়।

গত সপ্তাহে গ্রিসের করফু দ্বীপ থেকে জার্মানির নুরেমবার্গগামী একটি বাণিজ্যিক ফ্লাইটে ভুলবশত বিমান ছিনতাইয়ের সতর্কবার্তা পাঠানো হলে ক্রোয়েশিয়া ও জার্মানি তাদের যুদ্ধবিমান আকাশে পাঠায়।

সূত্র: Daily Amader Matribhumi

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box