শনিবার, ৭ নভেম্বর ২০২৬

চাঁদপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

চাঁদপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
চাঁদপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

অনলাইন ডেস্ক: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চাঁদপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক। সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করা এবং নির্বিঘ্নে পূজা উদযাপনে পাশে থাকার আশ্বাস দিতে তিনি এসব মণ্ডপে যান।

রোববার বিকেল থেকে রাত পর্যন্ত শেখ ফরিদ শহরের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে পূজারি ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী মুনিরা আহমেদ ও একমাত্র কন্যা ফারিশা আহমেদ মানহা।

পরিদর্শনকালে তিনি চাঁদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের রমেশ বাবুর বাড়ির পূজামণ্ডপ, ১২ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন, ৮ নম্বর ওয়ার্ডের গুয়াখোলা রোডের কুণ্ডুবাড়ি সার্বজনীন দুর্গামন্দির ও কালীবাড়ি মণ্ডপ এবং ৬ নম্বর ওয়ার্ডের মিনার্ভা দুর্গাপূজা মণ্ডপে যান।

বিভিন্ন মণ্ডপে উপস্থিত ভক্ত, পূজারি ও কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তিনি শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।

শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, পূজা শেষ না হওয়া পর্যন্ত তিনি ও তাঁর দলের নেতা-কর্মীরা পূজারিদের পাশে থাকবেন। নিরাপত্তা ও সার্বিক সহযোগিতার দায়িত্ব পালনের কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য সমাজের শক্তি। সব ধর্মের মানুষ যাতে নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপন করতে পারেন, সে পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ সময় জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ বিভিন্ন পূজামণ্ডপের কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box