শনিবার, ৭ নভেম্বর ২০২৬

ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের অধিকার নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের অধিকার নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

অনলাইন ডেস্ক: ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

১৮ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর বনানীর কড়াইলে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) আবাসিক এলাকায় বিটিসিএল সার্বজনীন পূজা উদযাপন পরিষদ আয়োজিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘শারদীয় শুভেচ্ছা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের ও এলাকার উন্নয়নে যারা কাজ করবেন, জনগণ তাদের সমর্থন দেবেন। ভালো কাজের মূল্যায়ন ও স্বীকৃতি রাজনীতিবিদদের জনসেবায় আরও উৎসাহিত করে।

দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানান তিনি। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে রয়েছেন এবং তাদের কল্যাণে সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী।

পূজা উদযাপনকারীদের বিভিন্ন দাবির বিষয়ে ফকির মাহবুব আনাম বলেন, এলাকার রাস্তাঘাট, সুপেয় পানির ব্যবস্থা ও আবাসনসহ উন্নয়নমূলক বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে। এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী হিন্দু সম্প্রদায়ের সবার সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর পরিবারের জন্য সবার কাছে দোয়া চান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পাওয়া শাড়ি সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিতরণ করা হয়।

বিটিসিএল সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ব্রিটিশ চন্দ্র কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম হোসেন। পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চৌধুরী অনুষ্ঠান সঞ্চালনা করেন। বিটিসিএল ও এর অধীন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, তাঁদের পরিবারের সদস্য এবং পূজা উদযাপন পরিষদের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box