শনিবার, ৭ নভেম্বর ২০২৬

প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু ২৫ অক্টোবর

প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন ২৫ অক্টোবর শুরু হয়ে ২৪ নভেম্বর পর্যন্ত চলবে।
প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু ২৫ অক্টোবর

অনলাইন ডেস্ক: প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির জন্য আগামী ২৫ অক্টোবর থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আবেদন চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। এ বৃত্তির জন্য আবেদন আহ্বান করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

২০২৬ সালের এসএসসি ও সমমান, ২০২৫ সালের এইচএসসি ও সমমান এবং ২০২৫ সালের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এসএসসি উত্তীর্ণদের দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ শ্রেণি বা সমমান কিংবা ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সের প্রথম সেমিস্টার বা বর্ষে অধ্যয়নরত হতে হবে।

২০২৫ সালের এইচএসসি ও সমমান উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয় বা মেডিক্যাল কলেজের প্রথম সেমিস্টার বা বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থী এবং ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস করে বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম সেমিস্টার বা বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

যোগ্যতার ক্ষেত্রে শিক্ষার্থীর পিতা বা মাতাকে বিএমইটির বহির্গমন ছাড়পত্র গ্রহণকারী অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হতে হবে। একজন প্রবাসী কর্মীর সর্বোচ্চ দুই সন্তান আবেদন করতে পারবেন। পরীক্ষাভেদে বিভাগ ও ফলাফলের ভিত্তিতে পৃথক জিপিএ নির্ধারণ করা হয়েছে। প্রবাসে মৃত কর্মীর সন্তানদের জন্য কিছু ক্ষেত্রে তুলনামূলকভাবে কম জিপিএর সুযোগ রাখা হয়েছে।

আবেদনের সঙ্গে প্রবাসী কর্মীর পাসপোর্টের কপি, বহির্গমন ছাড়পত্র বা বোর্ডের সদস্যপদের প্রমাণ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, শিক্ষার্থীর ব্যাংক হিসাবের স্টেটমেন্ট, ছবি, স্বাক্ষর এবং জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের কপি দিতে হবে। প্রবাসে মৃত কর্মীর সন্তানদের ক্ষেত্রে বিদেশস্থ বাংলাদেশ মিশন থেকে ইস্যু করা অনাপত্তিপত্র জমা দিতে হবে।

বৃত্তির মেয়াদ শিক্ষার স্তরভেদে দুই থেকে পাঁচ বছর। আগ্রহী শিক্ষার্থীদের https://portal.wewb.gov.bd ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। সরাসরি বা ডাকযোগে পাঠানো আবেদন গ্রহণ করা হবে না। অসম্পূর্ণ বা ভুল তথ্যসংবলিত আবেদন বাতিল হতে পারে।

বৃত্তিসংক্রান্ত তথ্যের জন্য প্রবাসী কল সেন্টারের ১৬১৩৫ নম্বরে (দেশ থেকে) অথবা +৮৮০৯৬১০২০৩০৩০ নম্বরে (বিদেশ থেকে) যোগাযোগ করা যাবে। জেলা প্রবাসী কল্যাণ সেন্টার থেকেও তথ্য নেওয়া যাবে।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box