শনিবার, ৭ নভেম্বর ২০২৬

মানসিক স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান

সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের আলোচনা সভায় মানসিক স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বাড়াতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বক্তারা।
মানসিক স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান

অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের আলোচনা সভায় বক্তারা মানসিক স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

তারা বলেন, মানসিক স্বাস্থ্য সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ানো, মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণে উৎসাহিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশনের ‘অ্যান ইন্টিগ্রেটেড ইনক্লুসিভ রেজিলিয়েন্স মডেল’ প্রকল্পের উদ্যোগে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের সিভিল সার্জন নুরুল আমিন। সাজেদা ফাউন্ডেশনের সাইকোলজিস্ট সাজ্জাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. তাসলিমা জান্নাত। এ সময় সাজেদা ফাউন্ডেশনের কাউন্সেলর হাফছা খাতুন, আব্বাস উদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা মানসিক সুস্থতার গুরুত্ব, মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল আচরণ এবং প্রয়োজন অনুযায়ী পেশাদার মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণের বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেন।

তারা বলেন, মানসিক স্বাস্থ্যকে অবহেলা না করে ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগে সচেতনতা বাড়ানো প্রয়োজন। এ ধরনের আয়োজন মানসিক স্বাস্থ্য নিয়ে প্রচলিত নেতিবাচক ধারণা দূর করার পাশাপাশি মানুষকে প্রয়োজনীয় সেবা নিতে উৎসাহিত করবে।

এর আগে সকালে দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণকারীরা মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box