
অনলাইন ডেস্ক: যশোরে জেলার আটটি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।
রোববার ফ্রন্টের প্রতিনিধি দল মণ্ডপগুলোর ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সমীর কুমার বসু। দলের অন্য সদস্য ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যশোর জেলা কমিটির সদস্য সচিব রণজিত মিত্র এবং অশোক কুমার সরকার।
প্রতিনিধি দল প্রথমে বাঘারপাড়া উপজেলার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করে। এ সময় তারা প্রতিমা স্থাপন, সজ্জা ও স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা, বিদ্যুৎ সংযোগ, নিরাপত্তা এবং অগ্নিনির্বাপন ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। পরে চৌগাছা, ঝিকরগাছা ও সদর উপজেলার মণ্ডপগুলোও পরিদর্শন করা হয়।
পরে ফ্রন্টের নেতারা স্থানীয় পূজা কমিটি ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন।
সমীর কুমার বসু বলেন, যশোরের মণ্ডপগুলোতে পূজার আয়োজন সন্তোষজনক। পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান তিনি।
অতীতের মতো এবারও সম্প্রীতি ও আনন্দের মধ্য দিয়ে উৎসবের দিনগুলো অতিবাহিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন