
অনলাইন ডেস্ক: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ল্যাপটপ ও বিশেষ ডিভাইসে হাত রেখে সব ধরনের রোগ নির্ণয়ের কথা বলে দীর্ঘ ১৫ বছর ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসা আলীমুল ইসলাম (৪৮) নামের এক ভুয়া চিকিৎসককে আটক করেছে প্রশাসন।
রবিবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে কলেজ গেট এলাকার একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তাকে হাতেনাতে আটক করেন। এ সময় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তার ব্যবহৃত চিকিৎসা সরঞ্জাম ও ভুয়া কাগজপত্র জব্দ করা হয়েছে।
প্রশাসন জানায়, উজিরপুর উপজেলার বাসিন্দা আলীমুল ইসলাম ব্যবস্থাপত্রে নামের আগে ‘ডা.’ পদবি ব্যবহার করতেন। ভারত ও ঢাকার বিভিন্ন ভুয়া মেডিকেল ডিগ্রির কথা উল্লেখ করে নিজেকে বিশেষজ্ঞ হিসেবে দাবি করতেন তিনি। দালালের মাধ্যমে সহজ-সরল রোগীদের প্রলুব্ধ করে ডিভাইসভিত্তিক এই কার্যক্রম চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা তার শিক্ষাগত যোগ্যতা ও সনদ যাচাই করে সেগুলো ভুয়া বলে নিশ্চিত করেন। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় তাকে প্রথমবারের মতো জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন প্রতারণামূলক কার্যক্রমে যুক্ত না হওয়ার শর্তে তাকে কারাদণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়।
সূত্র: Daily Amader Matribhumi





মন্তব্য করুন