
অনলাইন ডেস্ক: আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, সবাইকে তার পক্ষেই কাজ করতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ বাধা সৃষ্টি করলে দলে তার কোনো জায়গা হবে না। স্থানীয় নির্বাচনে কীভাবে কাজ করতে হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী দিকনির্দেশনা দেবেন বলেও জানান তিনি।
মো. আসাদুজ্জামান বলেন, প্রতিটি ইউনিয়নের বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রীর নিজস্ব কম্পিউটার সিস্টেমে সংরক্ষিত থাকবে। নির্দেশনা না মেনে দলের মধ্যে যারা মুনাফেকি করবে, তাদের কোনোভাবেই ক্ষমা করা হবে না।
তিনি বলেন, আগামী স্থানীয় নির্বাচনে দল জয়ী হওয়ার মতো প্রার্থী খুঁজছে। দলের বড় কোনো নেতা মনোনয়ন পেয়েও যদি তার পরাজয়ের আশঙ্কা থাকে, তাহলে তিনি যত বড় নেতাই হোন, তাকে সুযোগ দেওয়া হবে না।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে সতর্ক করে আইনমন্ত্রী বলেন, দল তার কাছে সবচেয়ে বড় আমানত। দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ কিছু করলে বা দলের সঙ্গে মুনাফেকি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে। এ বিষয়ে সবকিছুর ওপর নজর রাখা হচ্ছে বলেও জানান তিনি।
মতবিনিময় সভায় শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন