শনিবার, ৭ নভেম্বর ২০২৬

উচ্চশিক্ষাকে কর্মজীবনমুখী করার তাগিদ ইউজিসি চেয়ারম্যানের

উচ্চশিক্ষাকে কর্মজীবন ও বাস্তব জীবনের সঙ্গে আরও প্রাসঙ্গিক করার ওপর গুরুত্ব দিয়েছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
উচ্চশিক্ষাকে কর্মজীবনমুখী করার তাগিদ ইউজিসি চেয়ারম্যানের

অনলাইন ডেস্ক: বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞানকে শিক্ষার্থীদের কর্মজীবন ও বাস্তব জীবনের সঙ্গে আরও প্রাসঙ্গিক করার ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

সোমবার কক্সবাজারের একটি হোটেলে চার দিনব্যাপী ‘ট্রেনিং অব ট্রেইনারস’ কার্যক্রমের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, পড়াশোনা শেষে চাকরি, উদ্যোক্তা হিসেবে কাজ কিংবা বুদ্ধিবৃত্তিক চর্চায় অনেক শিক্ষার্থী তাঁদের অর্জিত শিক্ষার যথাযথ প্রয়োগ করতে পারছেন না। এ পরিস্থিতির পরিবর্তনে উচ্চশিক্ষার মান বাড়ানোর পাশাপাশি শিক্ষার সঙ্গে জীবনের সংযোগ আরও দৃঢ় করা প্রয়োজন।

তিনি জানান, উচ্চশিক্ষা খাতের রূপান্তরে ইউজিসি একটি কৌশলগত পরিকল্পনা তৈরি করেছে। শিগগিরই তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষকদের প্রধান ভূমিকা পালন করতে হবে বলে তাঁদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রাথমিকভাবে দেশের পাঁচ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য মাস্টার ট্রেইনার ও ন্যাশনাল ট্রেইনার তৈরি করা হচ্ছে, যাঁদের সংখ্যা পর্যায়ক্রমে বাড়ানো হবে। তাঁদের মাধ্যমে জাতীয় পর্যায়ে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।

দেশেই বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মানসম্মত প্রশিক্ষণের সক্ষমতা গড়ে তোলার ওপর জোর দেন ইউজিসি চেয়ারম্যান। তিনি বলেন, প্রয়োজনীয় প্রশিক্ষক তৈরি এবং বিদ্যমান সুযোগ-সুবিধার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।

শিক্ষকদের পাশাপাশি ডিন থেকে উপাচার্য পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য অভিজ্ঞতা বিনিময়ের কার্যক্রম নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। প্রয়োজনে আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞদের দেশে এনে এ সুযোগ তৈরি করা হবে।

এ কার্যক্রমে সহযোগিতার জন্য ব্রিটিশ কাউন্সিলকে ধন্যবাদ জানান অধ্যাপক মামুন আহমেদ। প্রশিক্ষণে অংশ নেওয়া অধ্যাপকদের অভিনন্দন জানিয়ে তিনি নবপ্রশিক্ষিত ন্যাশনাল ট্রেইনারদের উচ্চশিক্ষাকে আরও কার্যকর ও প্রাসঙ্গিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের আহ্বান জানান।

ইউজিসির হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় জুনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের এ প্রশিক্ষণ আয়োজন করা হয়। গত ১৬ অক্টোবর শুরু হওয়া প্রশিক্ষণে দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২১ জন অধ্যাপক অংশ নেন।

অনুষ্ঠানে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, অ্যাডভান্স এইচইর সিনিয়র অ্যাসোসিয়েট বেন ব্রাবন এবং হিট প্রকল্পের ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট অধ্যাপক ড. মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box