শনিবার, ৭ নভেম্বর ২০২৬

দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছালেন পার্বত্য মন্ত্রী

দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু।
দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছালেন পার্বত্য মন্ত্রী

অনলাইন ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে কক্সবাজারবাসী ও পূজার্থীদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু।

জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে সোমবার রাতে তিনি কক্সবাজারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় বিজয়া দশমীতে পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের সর্বত্র ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।

সাচিং প্রু জানান, বিজয়া দশমীতে কক্সবাজার সমুদ্রসৈকতে দেশের সর্ববৃহৎ দেবী দুর্গা প্রতিমা বিসর্জন উৎসব অনুষ্ঠিত হবে। সরকারি ছুটির সময়ে পর্যটক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার কথা বলেন তিনি।

পরিদর্শনকালে মন্ত্রী কক্সবাজার সদরের কালীবাড়ি, সরস্বতীবাড়ি, গোলদীঘির পাড়, হরিজনপাড়া, বঙ্গপাহাড়, লাবণী পয়েন্ট মোড় ও খুরুশকুলের রাস মন্দিরসহ প্রধান পূজামণ্ডপগুলো ঘুরে দেখেন। শান্তিশৃঙ্খলা রক্ষায় স্থানীয় পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করতে দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্টদের প্রতি তিনি গুরুত্বারোপ করেন।

এ সময় কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না, জেলা প্রশাসক আবদুল মান্নান, পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box