শনিবার, ৭ নভেম্বর ২০২৬

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত অন্তত ৩০

নাটোরের বড়াইগ্রামে বাস ও বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন।
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত অন্তত ৩০

অনলাইন ডেস্ক: নাটোরে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার সরকারপাড়া এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজন মারা যান। আহত ও নিহত ব্যক্তিদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে আটজনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তিদের মরদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বরিশালের বরগুনা থেকে রাজশাহীগামী আরপি পরিবহনের একটি বাস বড়াইগ্রাম এলাকায় পৌঁছালে পাবনাগামী বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়জন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজনের মৃত্যু হয়।

ঘটনাস্থল পরিদর্শনে এসে বড়াইগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, ভোরে চালক ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কি না, তা দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। গুরুতর আহতের সংখ্যা বেশি হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও তিনি জানান। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে এবং আহত ও নিহতদের পরিচয় শনাক্তে প্রশাসন কাজ করছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি নিহতদের পরিবারকে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করবেন বলে জানান। এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে উল্লেখ করে তিনি দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে সরকারের দায়িত্বশীল সংসদ সদস্য ও মন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন বলে জানান।

সূত্র: Daily Amader Matribhumi

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box