
অনলাইন ডেস্ক: শেরপুরে মানবপাচার মামলার প্রধান আসামি লাভলু মিয়াকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সোমবার রাতে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের দশকাহনিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোষ। গ্রেফতার লাভলু মিয়ার বয়স ৪৯ বছর। তিনি একই এলাকার মো. জয়তুল্লাহর ছেলে। মামলাটিতে আরও দুই আসামি পলাতক রয়েছেন।
মামলার অভিযোগ
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর সদর উপজেলার পাকুরিয়া ভাটিয়াপাড়া এলাকার সাইফুল ইসলামকে সৌদি আরবে ভালো বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তার পরিবারের কাছ থেকে ৬ লাখ ৫০ হাজার টাকা নেন লাভলু মিয়া। পরে সাইফুলকে সৌদি আরবে পাঠানো হলেও প্রতিশ্রুত চাকরি ও বেতন নিয়ে জটিলতা দেখা দেয়।
সাইফুলকে দেশে ফিরিয়ে আনতে তার পরিবার লাভলুর সঙ্গে যোগাযোগ করলে তিনি আরও ১৬ লাখ টাকা দাবি করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। দাবির টাকা না দেওয়ায় সাইফুলকে পরিবারের সঙ্গে যোগাযোগে বাধা দেওয়া হয় এবং লাভলুর লোকজন তাকে সৌদি আরবে জিম্মি করে রাখে বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় সাইফুল ইসলামের স্ত্রী শাহিনা আক্তার বাদী হয়ে লাভলু মিয়াসহ তিনজনের বিরুদ্ধে শেরপুর আদালতে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন। আদালতের নির্দেশে সোমবার রাতে অভিযান চালিয়ে লাভলু মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোষ জানান, মানবপাচার মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন