
অনলাইন ডেস্ক: রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার সকাল ১১টায় পূজামণ্ডপে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান মন্দির কমিটির সভাপতি বাবতোষ সরকার বাচ্চু, সাধারণ সম্পাদক খোকন সরকার, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ রংপুর জেলার সভাপতি রাম জীবন কুন্ড, রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় এবং মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব পলাশ কান্তি নাগ।
এর আগে সকাল সাড়ে ৯টায় একটি সামরিক বিমানে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। সৈয়দপুর বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ অন্যরা।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রায় রংপুরের পথে যাত্রা করেন প্রধানমন্ত্রী। তারাগঞ্জ ও পাগলাপীরসহ সড়কের দুই পাশে নেতা-কর্মী ও সমর্থকেরা দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী গাড়ি থেকে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
পূজামণ্ডপে প্রবেশ করে প্রধানমন্ত্রী পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সনাতন সম্প্রদায়ের সদস্যদের হাত নেড়ে শুভেচ্ছা জানান।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম রংপুর সফর। পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। সেখান থেকে রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে।
পূজার সূচি অনুযায়ী, ১০ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার ক্ষণগণনা শুরু হয়। ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হয় এবং ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে পাঁচ দিনের এই উৎসব শেষ হবে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন