শনিবার, ৭ নভেম্বর ২০২৬

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চান।
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চান। মঙ্গলবার শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশে সৈয়দপুর থেকে রংপুর যাওয়ার পথে পাগলাপীরে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এ কথা বলেন।

সড়কের দুই পাশে সমবেত মানুষের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সবার দেশ। দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। স্বাধীনতা অর্জনে সব ধর্মের মানুষ একসঙ্গে অংশ নিয়েছেন উল্লেখ করে তিনি দেশ গড়ার কাজেও সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার গঠনের পর থেকেই খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও তিনি জানান।

প্রধানমন্ত্রী জানান, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে এবং কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় নেতার জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে সুন্দর দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি উপস্থিত মানুষের সমর্থন জানতে চাইলে তারা হাত উঁচিয়ে সমর্থন জানান।

এর আগে সকালে প্রধানমন্ত্রী ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন এবং সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। রংপুরে রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন ও পূজার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে তাঁর। পরে তিনি রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন করে রাতে ঢাকায় ফিরবেন।

এর আগে প্রধানমন্ত্রী তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে ঢাকার মহাখালী ও বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box