শনিবার, ৭ নভেম্বর ২০২৬

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৪ হামলা, নিহত ২০০ হুথি যোদ্ধা

ইয়েমেনি সেনাবাহিনীর দাবি, হুথিদের লক্ষ্য করে ২৪ ঘণ্টায় ৭৪৪টি হামলায় প্রায় ২০০ যোদ্ধা নিহত এবং ৯০টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৪ হামলা, নিহত ২০০ হুথি যোদ্ধা

অনলাইন ডেস্ক: ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে গত মঙ্গলবার ২৪ ঘণ্টায় মোট ৭৪৪টি হামলা চালিয়েছে ইয়েমেনি সেনাবাহিনী। এসব অভিযানে প্রায় ২০০ হুথি যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী।

ইয়েমেনি বাহিনীর দাবি অনুযায়ী, অভিযানে হুথি গোষ্ঠীর ৯০টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি জানিয়েছেন, ‘অপারেশন ডন অব ইয়েমেন’-এর অংশ হিসেবে এসব হামলা চালানো হয়।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আল-নুজাইলি জানান, যুদ্ধবিমান, ড্রোন, ফিল্ড আর্টিলারি, রকেট লঞ্চার ও স্নাইপার ইউনিট অভিযানে অংশ নেয়। হুথিদের কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র, সুরক্ষিত অবস্থান, গোলাবর্ষণের স্থান, সেনা সমাবেশ, শক্তিবৃদ্ধির ইউনিট ও সরবরাহপথকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে তিনি জানান।

মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, তাইজ প্রদেশে সরকারি বাহিনী আক্রমণ জোরদার করেছে। এতে হুথি যোদ্ধারা পিছু হটতে বাধ্য হয়েছেন বলে দাবি করা হয়েছে। ইয়েমেনের পূর্ব, দক্ষিণ ও পশ্চিম ফ্রন্টজুড়ে সরকারি বাহিনী সমন্বিত অভিযান চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

আল-নুজাইলির দাবি, এই অভিযানের ফলে হুথিদের রিজার্ভ বাহিনী স্থানান্তরের সক্ষমতা সীমিত হয়েছে এবং গোষ্ঠীটি নতুন কোনো এলাকা দখল করতে পারছে না। সামরিক পরিকল্পনা অনুযায়ী অভিযান পরিচালিত হচ্ছে এবং হামলা বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ রাখা হয়েছে বলেও তিনি জানান। বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষায় সতর্কতা নেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

‘অপারেশন ডন অব ইয়েমেন’-এর আওতায় কয়েক দিন ধরে তীব্র লড়াই চলার পর সর্বশেষ অভিযানের তথ্য জানাল ইয়েমেনি বাহিনী।

এর আগে সোমবার আল-নুজাইলি জানিয়েছিলেন, তার আগের ২৪ ঘণ্টায় সরকারি বাহিনী ১ হাজার ১৬৪টি হামলা চালিয়েছে। ওই অভিযানে মাঠপর্যায়ের কমান্ডারসহ ৫৫৮ জন হুথি যোদ্ধা নিহত বা অকার্যকর হয়েছেন বলে দাবি করা হয়। একই সময়ে ১৩৫টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেছিলেন, তাইজ প্রদেশে সরকারি বাহিনী অগ্রসর হয়েছে। শাবওয়া ও দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টে হুথিদের অবস্থানের ওপর চাপ অব্যাহত রয়েছে। পশ্চিম উপকূল ও কৌশলগত বাব আল-মানদেব প্রণালির কাছাকাছি এলাকাতেও অভিযান চলছে বলে জানান তিনি।

সূত্র: Daily Amader Matribhumi

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box