শনিবার, ৭ নভেম্বর ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল বুধবার। এ উপলক্ষে ব্যানার স্থাপন, বিশেষ ক্রোড়পত্র প্রকাশ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল

অনলাইন ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল বুধবার। দিবসটি উদযাপনে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ও নগর কার্যালয়ের ভবনসমূহে ব্যানার স্থাপন, বিশেষ ক্রোড়পত্র প্রকাশ এবং কেন্দ্রীয় মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।

আজ বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৯২ সালের ২০ অক্টোবর মহান জাতীয় সংসদে ৩৭ নম্বর আইন পাস এবং পরদিন গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। দেশের মানুষের জন্য উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর ওপর চাপ কমানো এবং জেলা-উপজেলা পর্যায়ে কলেজশিক্ষার সমন্বিত ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়।

প্রতিষ্ঠার পর থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলের বিশেষত মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও প্রান্তিক পরিবারের তরুণ-তরুণীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে জাতীয় বিশ্ববিদ্যালয় ভূমিকা রেখে আসছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। এসব প্রতিষ্ঠানে এক লাখেরও বেশি শিক্ষক কর্মরত আছেন। দেশের সামগ্রিক উচ্চশিক্ষার প্রায় ৭০ শতাংশ এই বিশ্ববিদ্যালয়ের আওতায় পরিচালিত হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় এক কোটিরও বেশি স্নাতক ডিগ্রিধারী তৈরি করেছে। তারা দেশ-বিদেশে শিক্ষা, প্রশাসন, ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি ও সামাজিক উন্নয়নে অবদান রাখছেন।

পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলানো এবং চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাক্রম আধুনিকীকরণ, শিক্ষক প্রশিক্ষণ সম্প্রসারণ, সেশনজট নিরসন ও গবেষণার সুযোগ বাড়াতে কাজ চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box