
অনলাইন ডেস্ক: দেশের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার রাতে দিনাজপুর শহরের রায়সাহেব বাড়ি বারোয়ারি দুর্গামন্দির ও মিশন রোডের রামকৃষ্ণ আশ্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
পূজামণ্ডপ পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, বিএনপি কথার পাশাপাশি কাজের মাধ্যমে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার জনগণের কল্যাণ ও দেশের সার্বিক উন্নয়নে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করে আসছে। এই ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ডা. জাহিদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে কাজ করছেন। শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে সরকার প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে বলেও জানান তিনি।
পরিদর্শনকালে মন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজ নেন। তিনি মন্দির ও আশ্রমের বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট কমিটির নেতাদের সঙ্গে আলোচনা করেন এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাই যাতে স্বাচ্ছন্দ্যে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে বিষয়ে সরকারের আন্তরিকতার কথা উল্লেখ করে তিনি শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মুসা, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জেলা যুবদলের আহ্বায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদ, সদস্য সচিব রেজাউর রহমান রেজা, রায়সাহেব বাড়ি মন্দিরের সভাপতি সুশীল চন্দ্র দাস এবং লোকনাথ মন্দিরের সাধারণ সম্পাদক মানবেন্দ্র দাস মনোজসহ সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
সম্পাদক: মোঃ আহছানউল্যা হাসান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত