
অনলাইন ডেস্ক: মালয়েশিয়ায় প্রবাসজীবনে শেখা দক্ষতাকে জীবিকার উপায় হিসেবে কাজে লাগিয়ে প্রায় ১৮ বছর ধরে নরসিংদীর হাতিরদিয়া বাজারে জনপ্রিয় মালয়েশীয় খাবার রুটি চানাই তৈরি করে বিক্রি করছেন ষাটোর্ধ্ব মাহতাব উদ্দিন।
দক্ষ হাতে ময়দার খামির শূন্যে ঘুরিয়ে ও টেনে পাতলা করার বিশেষ কৌশলে মাহতাব খাদ্যপ্রেমীদের কাছে পরিচিতি পেয়েছেন। তাঁর তৈরি রুটি চানাইয়ের স্বাদ নিতে স্থানীয় ক্রেতাদের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা থেকেও মানুষ আসেন।
সোমবার সকালে নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজারে মাহতাবের দোকানে ক্রেতাদের ভিড় দেখা যায়। সবজি ভাজি, ডাল ও ডিমের সঙ্গে রুটি চানাই পরিবেশন করা হয়। রুটি তৈরির সময় তাঁর খামির ঘোরানো ও পাতলা করার কৌশল দেখতেও বিভিন্ন বয়সী মানুষ জড়ো হন।
মালয়েশিয়ার জনপ্রিয় এই স্ট্রিট ফুডের স্বাদ নিতে কেউ বন্ধুদের নিয়ে আসেন, আবার কেউ বাজারে কেনাকাটার ফাঁকে দোকানে থামেন। গাজীপুর থেকে আসা তরুণ ক্রেতা মিশাব আহমেদ বলেন, নাশতায় তিনি অনেকবার এই রুটি খেয়েছেন এবং স্বাদ ভালো লাগায় এক বন্ধুকে নিয়ে আবার এসেছেন।
মাহতাব জানান, প্রতিদিন রাত ৩টার দিকে ময়দা ও ঘি দিয়ে খামির তৈরির কাজ শুরু করেন। বয়সের ভার ও শারীরিক পরিশ্রম সত্ত্বেও তিনজন কর্মচারীর সহায়তায় তিনি ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
বেলন ছাড়াই এক দলা খামির শূন্যে ঘুরিয়ে ধীরে ধীরে পাতলা চাদরের মতো করেন মাহতাব। পরে আঙুলের সাহায্যে সেটি আরও চেপে ও টেনে পাতলা করে তাওয়ায় বসানো হয় এবং সয়াবিন তেলে ভাজা হয়। এতে তৈরি হয় বহুস্তরবিশিষ্ট পরোটা জাতীয় রুটি।
মাহতাব বলেন, মালয়েশিয়ায় থাকার সময় তিনি রুটি চানাই তৈরি শেখেন। দেশে ফিরে সেই দক্ষতাকে কাজে লাগিয়ে নিজে কিছু করার চিন্তা থেকেই উদ্যোগটি শুরু করেন।
মাহতাবের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে নিজস্ব সংসার নিয়ে ব্যস্ত। ছেলে সৌদি আরবে থাকেন।
বিদেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাহতাব এখন একটি ছোট ব্যবসা গড়ে তুলেছেন। এর মাধ্যমে তিনি জীবিকা নির্বাহের পাশাপাশি স্থানীয় মানুষের কাছে ভিন্ন স্বাদের খাবার পৌঁছে দিচ্ছেন। স্থানীয় বাসিন্দারা জানান, নানা প্রতিকূলতা পেরিয়ে প্রবাসী শ্রমিক থেকে উদ্যোক্তা হয়ে ওঠা মাহতাবের জীবনসংগ্রাম হাতিরদিয়া বাজারে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত তৈরি করেছে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
সম্পাদক: মোঃ আহছানউল্যা হাসান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত