
অনলাইন ডেস্ক: মহানবমী পূজার দিনে আজ রাজধানী ঢাকার মণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। ভক্তরা মণ্ডপে অঞ্জলি ও ভোগ দিয়েছেন। নবমী পূজা ও সন্ধ্যা আরতি শেষে বিদায়ের সুর বাজতে শুরু করেছে। আগামীকাল বিজয়া দশমীতে বিদায় নেবেন মা দুর্গা।
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের এ বছরের ছয় দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি হবে। নিরাপত্তার বিষয় বিবেচনায় সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হয়। বুধবার বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। এর আগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শোভাযাত্রা বের হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে সদরঘাটে গিয়ে শেষ হবে।
মহানবমীতে রাজধানীর বিভিন্ন মন্দিরে ভক্তদের ঢল নামে। পুরান ঢাকার বিভিন্ন গলিতে দর্শনার্থীদের ভিড় দেখা যায়। বিভিন্ন মণ্ডপে সকাল থেকে মানুষের আনাগোনা থাকলেও বিকেলে তা আরও বেড়ে যায়। পরিবারের সঙ্গে নতুন পোশাকে শিশুদেরও মণ্ডপে আসতে দেখা গেছে।
ধর্মীয় রীতি অনুযায়ী নীলকণ্ঠ ফুল, নীল অপরাজিতা, শাপলা ও শালুকসহ বিভিন্ন উপকরণে নবমী পূজা অনুষ্ঠিত হয়। যজ্ঞে ১০৮টি বেলপাতা, আম কাঠ ও ঘি দিয়ে দেবী দুর্গার উদ্দেশে আহুতি দেওয়া হয়।
দুর্গাপূজা বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উদযাপিত হয়। উৎসবটি হিন্দু সম্প্রদায়সহ অন্যান্য ধর্মের মানুষকে একত্রিত করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহ্য তুলে ধরে।
বিজয়া দশমী উপলক্ষে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন। এ উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে বিশেষ অনুষ্ঠান ও নিবন্ধ প্রচারিত হবে।
বিজয়া দশমীতে সরকারি ছুটি থাকবে। নির্বাহী আদেশে দুর্গাপূজার ছুটি তিন দিন করা হয়েছে। সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মোট পাঁচ দিনের ছুটি পাওয়া যাবে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
সম্পাদক: মোঃ আহছানউল্যা হাসান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত