শনিবার, ৭ নভেম্বর ২০২৬

সরকারবিরোধীরা আবোল-তাবোল বলছে: খোকন তালুকদার এমপি

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বিরোধীদের বক্তব্যের সমালোচনা করে বিএনপির মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টার অভিযোগ করেছেন।
সরকারবিরোধীরা আবোল-তাবোল বলছে: খোকন তালুকদার এমপি

অনলাইন ডেস্ক: মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, বিরোধীরা ক্ষমতায় আসতে না পেরে সরকারের কাজে ঈর্ষান্বিত হয়ে গণমাধ্যমের সামনে আবোল-তাবোল কথা বলছে। একই সঙ্গে এনসিপি ও জামায়াত ইস্যুতে বিএনপির মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার রাতে মাদারীপুরের ডাসার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার বলেন, বিরোধীরা সরকারের কাজে ঈর্ষান্বিত হয়ে এবং ক্ষমতায় আসতে না পেরে গণমাধ্যমে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। কথার ফুলঝুরি ছড়িয়ে যারা দেশকে অরাজকতার দিকে নিতে চায়, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, নির্বাচনের আগে অনেকে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেও এখন মাঠে তাদের দেখা যাচ্ছে না। মাদারীপুর-৩ আসনের প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করে সবার সঙ্গে কথা বলেছেন উল্লেখ করে তিনি জামায়াতের বর্তমান ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

এনসিপি-জামায়াতের ভূমিকা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের বিষয়টি নিয়ে এনসিপি ও জামায়াত বিশ্লেষণ করছে। এ বিষয়কে কেন্দ্র করে বিএনপির মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। তবে বিএনপির সংসদ সদস্য ও মন্ত্রীরা দলীয় সিদ্ধান্তকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নেন বলে জানান।

জামায়াতের আমিরের বক্তব্যের প্রসঙ্গ তুলে খোকন তালুকদার বলেন, আগে ফ্যামিলি কার্ড নিয়ে আপত্তি জানানো হলেও এখন জামায়াতের সংসদ সদস্যদের মধ্যে তা নেওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে। কথার সঙ্গে কাজের মিল নেই—এমন ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ডাসার উপজেলার ৪১টি পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। এ সময় জেলা প্রশাসক মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদ, পুলিশ সুপার ফজলে এলাহীসহ প্রশাসন, পুলিশ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box