
অনলাইন ডেস্ক: সুনামগঞ্জ, ২১ অক্টোবর ২০২৬: মেঘ পাহাড়ের দেশ সুনামগঞ্জে সম্প্রীতির বন্ধনের মধ্যে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা উপলক্ষে জেলার সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হাসাউড়া গ্রামে হিন্দু, মুসলিম ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে হাসাউড়া সার্বজনীন দেব মন্দিরে দুর্গাপূজার নবমী তিথিতে এ আয়োজন করা হয়। হাসাউড়া সার্বজনীন দেব মন্দির পূজা কমিটির উদ্যোগে এবং সুনামগঞ্জ সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) সহযোগিতায় অনুষ্ঠিত মিলন মেলায় তিন ধর্মের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পূজামণ্ডপটি সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক বন্ধনের পরিবেশে পরিণত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূজা কমিটির সভাপতি মিলন তালুকদার। সঞ্চালনা করেন পিএফজি সদস্য ও পূজা কমিটির সাধারণ সম্পাদক কর্ণবাবু দাস। শুভেচ্ছা বক্তব্য দেন ‘দ্য হাঙ্গার প্রজেক্ট’ বাংলাদেশের কুদরত পাশা।
অনুষ্ঠানে রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই, সাবেক চেয়ারম্যান আবুল কালাম, পিস অ্যাম্বাসেডর মাহবুবুল হাসান শাহীন ও সালেহিন চৌধুরী শুভ, পিএফজি সদস্য আবুল হোসেন, নুরুল হাসান তাহের, সেলিনা আবেদীন ও রিনা আক্তার উপস্থিত ছিলেন। এছাড়া গারো সম্প্রদায়ের প্রতিনিধি প্রহর আড়েং এবং হাসাউড়া সার্বজনীন দেবমন্দির পূজা কমিটির সাবেক সভাপতি হারাধন নন্দী ও প্রফুল্ল পাল অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, এ আয়োজনে স্থানীয় জনগণের পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থান গুরুত্ব পেয়েছে। তিন ধর্মের মানুষের অংশগ্রহণে উৎসবের আনন্দ আরও অর্থবহ হয়েছে বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল খ্রিস্টান শিশু-কিশোরদের পরিবেশনায় প্রাচীন গারো নৃত্য। ঐতিহ্যবাহী এ নৃত্য দেখতে পূজামণ্ডপে মানুষের ভিড় জমে।
আয়োজকেরা জানান, বিভিন্ন ধর্মের মানুষের অংশগ্রহণ সম্প্রীতির দৃষ্টান্ত তৈরি করেছে। ধর্মীয় সহনশীলতা ও পারস্পরিক সম্মান শান্তিপূর্ণ সমাজের ভিত্তি হিসেবে এ আয়োজন নতুন প্রজন্মের জন্যও গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন