
অনলাইন ডেস্ক: মানিকগঞ্জ সদর উপজেলার ১২টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
পরিদর্শনকালে তিনি প্রতিটি পূজামণ্ডপ ও মন্দিরে আর্থিক অনুদান দেন এবং স্থানীয় সমস্যা ও দাবি-দাওয়া পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। মন্ত্রী পূজার আয়োজন ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন এবং উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন।
আফরোজা খানম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে তিনি কাজ করতে চান এবং সবার কল্যাণে কাজ করার জন্য দোয়া চান। তিনি বলেন, ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও সবাই একই এলাকার বাসিন্দা ও বাংলাদেশের নাগরিক। তাই পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে।
সম্মিলিতভাবে কাজ করলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে উল্লেখ করে মন্ত্রী দলীয় নেতাকর্মীসহ সবাইকে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান। দেশের কল্যাণ ও উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।
পরিদর্শন করা মণ্ডপগুলোর মধ্যে ছিল নবগ্রাম কালীবাড়ি পূজামণ্ডপ, লোকনাথ কুঠির শ্রী শ্রী দুর্গা মন্দির, উকিয়ারা দয়াল রাজবংশীর বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, কৈট্টা অগ্রগামী তরুণ সংঘ সার্বজনীন দুর্গা মন্দির, মাঝিপাড়া পলাশ স্মৃতি দুর্গা মন্দির, দশ আনী সার্বজনীন দুর্গা মন্দির, মিতরা শ্রী শ্রী হরিকালী মন্দির, এগারোশ্রী সার্বজনীন দুর্গা মন্দির, আনন্দময়ী কালীবাড়ি মন্দির, বাজার লক্ষ্মীমণ্ডপ, পূর্ব দাশড়া কালীখোলা দুর্গা মন্দির ও শিববাড়ী দুর্গা মন্দির।
পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নারী, পুরুষ ও শিশুদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। এসময় জেলা বিএনপির সভাপতি এবং বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন