
অনলাইন ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে হারের পর বিদায়ের ইঙ্গিত দিলেও আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল স্কালোনি। তবে চুক্তি নবায়নের বিষয়টি বেশ কিছুদিন ধরে ঝুলে ছিল। আগামী ডিসেম্বরে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। এর আগেই আর্জেন্টিনার সঙ্গে নতুন চুক্তির বিষয়ে সম্মতি দিয়েছেন তিনি। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
আন্তর্জাতিক ফুটবলের ইতালীয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওতে জানান, নতুন চুক্তিতে সম্মতি দিয়েছেন স্কালোনি। এতে ২০৩০ সালের জুলাই পর্যন্ত তাঁর আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ থাকার সম্ভাবনা রয়েছে।
তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে ভিন্ন তথ্য। তাদের প্রতিবেদন অনুযায়ী, শুরুতে দুই বছরের চুক্তি হতে পারে, যেখানে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে। ২০২৮ সালের কোপা আমেরিকার পর প্রায় স্বয়ংক্রিয় একটি শর্তের মাধ্যমে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়ানোর সুযোগ রাখা হতে পারে।
চুক্তি কার্যকর হলে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে স্কালোনির অধীনে আর্জেন্টিনা তৃতীয়বারের মতো বিশ্বকাপে অংশ নিতে পারে। ২০৩০ বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে একটি করে ম্যাচ হওয়ার কথা রয়েছে। তবে টুর্নামেন্টের মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো।
স্কালোনির চুক্তি নবায়ন প্রায় নিশ্চিত হলেও পুরো কোচিং প্যানেল ধরে রাখতে চায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এই কোচিং দল স্কালোনির সঙ্গে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকার শিরোপা জিতেছে। ২০২৬ বিশ্বকাপে দলটি রানার্সআপ হয়েছে।
টিওয়াইসি স্পোর্টসের দাবি, স্কালোনির সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েলকে দায়িত্ব চালিয়ে যেতে রাজি করানোর চেষ্টা চলছে। ফিফার সর্বশেষ আন্তর্জাতিক বিরতির সময় স্কালোনি বলেছিলেন, স্যামুয়েল গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তাঁর বন্ধু; কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাঁকে স্বাধীনতা দেওয়া উচিত।
সূত্র: Daily Amader Matribhumi
সম্পাদক: মোঃ আহছানউল্যা হাসান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত