শনিবার, ৭ নভেম্বর ২০২৬

ইউরেশিয়ায় ‘বিধ্বংসী বহিরাগত হস্তক্ষেপের’ নিন্দা চীন ও রাশিয়ার

ইউরেশিয়ায় বহিরাগত হস্তক্ষেপকে স্থিতিশীলতা নষ্টের প্রধান কারণ উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া।
ইউরেশিয়ায় ‘বিধ্বংসী বহিরাগত হস্তক্ষেপের’ নিন্দা চীন ও রাশিয়ার

অনলাইন ডেস্ক: ইউরেশিয়ায় ‘বিধ্বংসী বহিরাগত হস্তক্ষেপের’ নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া। বৃহস্পতিবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

রাশিয়া সফররত চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের বৈঠকের সময় বিবৃতিটি প্রকাশ করা হয়।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ইউরেশিয়া মহাদেশজুড়ে স্থিতিশীলতা নষ্ট করার প্রধান কারণ বর্তমানে ‘বিধ্বংসী বহিরাগত হস্তক্ষেপ’।

ইউরেশীয় সংহতির প্রক্রিয়া ব্যাহত করতে বলপ্রয়োগের মাধ্যমে বহিরাগত চাপ সৃষ্টির যেকোনো পদক্ষেপেরও তীব্র নিন্দা জানিয়েছে দুই পক্ষ। পাশাপাশি, পরস্পরের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ উদ্বেগের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে একে অপরকে দৃঢ়ভাবে সমর্থনের কথা জানিয়েছে তারা।

বিবৃতিতে বলা হয়, রাশিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা, জাতীয় ঐক্য, উন্নয়ন ও সমৃদ্ধি, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় চীন রাশিয়াকে সমর্থন করে। একই সঙ্গে রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগত শক্তির হস্তক্ষেপের বিরোধিতার কথাও জানানো হয়েছে।

তবে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নিয়ে বিবৃতিতে কোনো উল্লেখ নেই।

ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ বুধবার সাংবাদিকদের বলেন, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতাদের মধ্যে প্রথমবারের মতো সম্ভাব্য একটি বৈঠকের প্রস্তুতি চলছে। আগামী মাসে চীনের শেনজেনে অনুষ্ঠেয় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সম্মেলনের কর্মসূচিতে বৈঠকটি অন্তর্ভুক্ত করাই লক্ষ্য বলেও জানান তিনি।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box