
অনলাইন ডেস্ক: চট্টগ্রামে সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হওয়া দেশকে নতুন করে বিনির্মাণে দলের নেতাকর্মীদের ভূমিকা, জনগণের আকাঙ্ক্ষা, আচরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন স্থানীয় নির্বাচন নিয়ে নির্দেশনা দিয়েছেন।
২০ অক্টোবর রাতে চট্টগ্রামের রেডিসন ব্লুতে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। একই সঙ্গে দলের দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের বিষয়েও তিনি কথা বলেন। সভায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন।
সভায় প্রধানমন্ত্রী বলেন, দায়িত্বে থাকায় জনগণের প্রত্যাশা পূরণই দলের প্রধান কর্তব্য। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিক হওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা ও জনকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্ব দেওয়ার জন্য তিনি নেতাকর্মীদের নির্দেশনা দেন।
জনগণের চাহিদা ও সমস্যাগুলো বুঝে সমাধানে উদ্যোগ নেওয়া এবং সাধারণ মানুষের সহযোগিতা ও সেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। এমন কোনো কাজ না করতেও বলেন, যাতে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় বা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান। তবে আইন নিজের হাতে না তুলে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেন।
বিএনপির নেতাকর্মীদের দীর্ঘদিনের ত্যাগ ও অবদান মূল্যায়নের পাশাপাশি অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দায়িত্বশীলভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেন তিনি। স্থানীয় নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নেতাকর্মীদের সতর্ক থেকে দলের সিদ্ধান্ত অনুযায়ী ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদারের পরামর্শ দেন।
স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সভাপতি, সাধারণ সম্পাদক ও দায়িত্বশীল নেতাদের পাশ কাটানো না এবং আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে মতপার্থক্য নিরসনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সভায় সভাপতিত্ব করেন নগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ। সদস্য সচিব নাজিমুর রহমানের পরিচালনায় এতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনসহ চট্টগ্রামের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন