শনিবার, ৭ নভেম্বর ২০২৬

চাঁদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা

চাঁদপুরের মেঘনাপাড়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। এতে চাঁদপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন।
চাঁদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা

অনলাইন ডেস্ক: দ্বীনের দাওয়াত, ঈমানি চেতনার জাগরণ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রত্যাশায় চাঁদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা।

বৃহস্পতিবার বাদ ফজর শহরের পুরানবাজার দোকানঘর এলাকার মেঘনাপাড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে এ আয়োজন শুরু হয়। চাঁদপুর ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা এতে অংশ নিচ্ছেন।

তাবলীগ জামাতের আয়োজনে ২২, ২৩ ও ২৪ অক্টোবর ইজতেমা অনুষ্ঠিত হবে। এর আগে বিভিন্ন স্থানে পাঁচবার জেলা পর্যায়ে ইজতেমা অনুষ্ঠিত হয়েছে।

মুসল্লিদের অবস্থান ও ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্ন করতে প্যান্ডেলসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হয়েছে। সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেন। তাদের জন্য অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প ও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

আয়োজকদের আশা, তিন দিনের এ ধর্মীয় আয়োজনে চাঁদপুরের বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার মুসল্লি অংশ নেবেন। ইজতেমায় কোরআন-হাদিসের আলোকে দ্বীনি আলোচনা, ঈমান ও আমলের ওপর বয়ান, জিকির-আযকারসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হবে।

তাবলীগ জামাতের চাঁদপুর জেলার জিম্মাদার মো. আরিফ উল্লাহ জানান, শনিবার (২৪ অক্টোবর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সম্প্রীতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হবে। ধর্মীয় অনুশাসন মেনে জীবন পরিচালনা, আত্মশুদ্ধি এবং দ্বীনের পথে মানুষকে আহ্বান জানানোর উদ্দেশ্যে এ আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box