শনিবার, ৭ নভেম্বর ২০২৬

হলিউড তারকা টম ক্রুজকে আজীবন সম্মাননা দিচ্ছে এএফআই

টম ক্রুজকে ৫২তম এএফআই লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হয়েছে। আগামী বছরের ২৪ এপ্রিল ডলবি থিয়েটারে তাঁর হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।
হলিউড তারকা টম ক্রুজকে আজীবন সম্মাননা দিচ্ছে এএফআই

অনলাইন ডেস্ক: হলিউডের জনপ্রিয় তারকা টম ক্রুজ চার দশকেরও বেশি সময় ধরে অভিনয় দিয়ে বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের মুগ্ধ করে রেখেছেন। একাধিকবার অস্কারে মনোনয়ন পেলেও প্রতিযোগিতামূলক বিভাগে পুরস্কার জেতা হয়নি তাঁর। তবে গত বছর তাঁকে সম্মানসূচক অস্কারে ভূষিত করা হয়।

এবার টম ক্রুজের অর্জনের তালিকায় যুক্ত হচ্ছে আরও একটি বড় স্বীকৃতি। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের (এএফআই) আজীবন সম্মাননার জন্য নির্বাচিত হয়েছেন তিনি। তাঁকে ৫২তম এএফআই লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে। চলচ্চিত্র জগতে এটি অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত।

আগামী বছরের ২৪ এপ্রিল হলিউডের ডলবি থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে টম ক্রুজের হাতে এ সম্মাননা তুলে দেবে এএফআই।

এএফআইয়ের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ক্যাথলিন কেনেডি এক বিবৃতিতে টম ক্রুজকে বিশ্বজুড়ে পরিচিত একজন আইকন হিসেবে উল্লেখ করেছেন। অভিনেতা ও প্রযোজক হিসেবে নিজের প্রতিটি কাজের প্রতি তাঁর অসাধারণ নিষ্ঠার কথাও বলেন কেনেডি।

ক্যাথলিন কেনেডি আরও বলেন, সিনেমার প্রতি টম ক্রুজের ভালোবাসা তাঁকে বিশ্বজুড়ে মার্কিন চলচ্চিত্রের একজন অসাধারণ দূত করে তুলেছে। তাঁর হাতে ৫২তম এএফআই লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দিতে পারা এএফআইয়ের জন্য সম্মানের বলেও জানান তিনি।

১৯৮১ সালে অভিনয়জীবন শুরু করেন টম ক্রুজ। তাঁর অভিনীত সিনেমাগুলোর মোট আয় ১৩ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। ‘রিস্কি বিজনেস’, ‘টপ গান’, ‘মাইনরিটি রিপোর্ট’, ‘ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার’, ‘আ ফিউ গুড মেন’, ‘দ্য ফার্ম’ এবং ‘মিশন: ইমপসিবল’ সিরিজের সিনেমাগুলো তাঁকে আন্তর্জাতিক তারকাখ্যাতি এনে দিয়েছে।

সূত্র: Daily Amader Matribhumi

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box