
অনলাইন ডেস্ক: চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশ শিকারের দায়ে ২০ জেলেকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নিষিদ্ধ কারেন্টজাল, নৌকা ও ইলিশ মাছ জব্দ করা হয়।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদার নেতৃত্বে জেলা টাস্ক ফোর্সের আওতায় অভিযানটি পরিচালিত হয়।
সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর শুক্রবার সকাল ১০টায় বাসসকে জানান, অভিযানে ২০ জেলেকে আটক করা হয়। এ সময় ৩০ কেজি ইলিশ, ৩৫ হাজার মিটার কারেন্টজাল এবং ইঞ্জিনচালিত মাছ ধরার ৩টি কাঠের নৌকা জব্দ করা হয়।
আটক জেলেদের মধ্যে ১৩ জনকে ১০ দিন করে এবং ৭ জনকে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেকের কাছ থেকে এক হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন শুক্কুর শেখ, মফিজ গাজী, সাব্বির গাজী, ফরহাদ গাজী, হাবিব খান, তোফাজ্জল হোসেন, সিয়াম পাটওয়ারী, আলমগীর হাওলাদার, শহীদ গাজী, মো. আব্বাস, রিপন মিয়াজী, মো. মাসুদ, নুর মোহাম্মদ, দেলু সরদার, মো. শাকিল, কালু খান, মো. হাবিব, মো. হাবিব খান, মো. বারেক ও মো. রবিউল ইসলাম। তাঁদের বাড়ি সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
জব্দ ইলিশ এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। নৌকাগুলো কোস্ট গার্ডের হেফাজতে রাখা হয়েছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ কারেন্টজাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন