
অনলাইন ডেস্ক: দিনাজপুরে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২ হাজার ৯৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন।
বৃহস্পতিবার দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন বৃত্তির তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি নিয়ম ও নীতিমালা অনুযায়ী শর্তসাপেক্ষে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের তালিকাভুক্ত নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি দেওয়ার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলার শিক্ষার্থীরা এ তালিকায় রয়েছেন।
বৃত্তিপ্রাপ্ত ২ হাজার ৯৮৩ শিক্ষার্থীর মধ্যে ৩৮৫ জন মেধাবৃত্তি এবং ২ হাজার ৫৯৮ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন। বোর্ডের নির্ধারিত নিয়ম অনুযায়ী শর্ত পূরণ সাপেক্ষে তারা বৃত্তির সুবিধা পাবেন।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস আহমেদ বলেন, শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে বৃত্তি দেওয়ার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। বৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও উৎসাহিত হবে বলে তিনি জানান।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
সম্পাদক: মোঃ আহছানউল্যা হাসান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত