
অনলাইন ডেস্ক: ধর্ম-বর্ণ নির্বিশেষে ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ দেশের সব জনগোষ্ঠীকে নিয়ে বিএনপি রাজনীতি করতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের মাধ্যমে আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হতে চায় দলটি।
শুক্রবার সকালে বগুড়ার শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে। কোনো ধর্ম বা বিশেষ গোষ্ঠীকে পুঁজি করে রাজনীতি করার ইচ্ছা দলটির নেই। তিনি ধর্মকে পুঁজি করে ভোটের রাজনীতি বন্ধ করে জনগণের জন্য রাজনীতি করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে জামায়াত নেতারা বেহেশতের কথা বলে ভোট নিয়েছেন। দুর্গোৎসবের সময় তাঁরা পূজামণ্ডপে গিয়ে ঢাকের তালে নেচেছেন এবং মণ্ডপে মণ্ডপে ঘুরেছেন। তবে এবার দুর্গাপূজায় তাঁদের কোনো পূজামণ্ডপে দেখা যায়নি বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, সরকার সংসদে ও সংসদের বাইরে বিরোধী দলের কথা শুনছে এবং তাদের মূল্যায়ন করছে। বাকস্বাধীনতার পাশাপাশি বক্তব্যে শালীনতা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিরোধী দলের অনেক নেতা জাতীয় নেতাদের অসম্মান করে অশালীন ভাষায় কথা বলছেন। এ ধরনের বক্তব্য অব্যাহত থাকলে জনগণ তা ভালোভাবে নেবে না।
জ্বালানি সংকট নিয়ে বিরোধী দলের কর্মসূচির সমালোচনা করে মীর শাহে আলম বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত বিএনপি উত্তরাধিকার সূত্রে পেয়েছে। এ ক্ষেত্রে সরকারকে সময় দেওয়া উচিত। তিনি বিরোধী দলের লংমার্চ কর্মসূচি বন্ধ করে আগামী ৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আহ্বান জানান।
জুলাই সনদ বাস্তবায়নসহ বিরোধী দলের যেসব বক্তব্য রয়েছে, সেসব বিষয়ে সংসদে এসে আলোচনা করার আহ্বানও জানান প্রতিমন্ত্রী।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন