শনিবার, ৭ নভেম্বর ২০২৬

‘প্রবারণা পূর্ণিমা’ উপলক্ষে রাঙ্গামাটিতে বৌদ্ধদের ধর্মীয় উৎসব শুরু

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রাঙ্গামাটির বিভিন্ন বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় আয়োজন শুরু হয়েছে।
‘প্রবারণা পূর্ণিমা’ উপলক্ষে রাঙ্গামাটিতে বৌদ্ধদের ধর্মীয় উৎসব শুরু

অনলাইন ডেস্ক: ‘প্রবারণা পূর্ণিমা’ উপলক্ষে বর্ণিল আয়োজনে রাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুরু হয়েছে।

আগামী ২৫ অক্টোবর মূল অনুষ্ঠান হলেও শুক্রবার থেকে জেলার বিভিন্ন বিহারে শুরু হয়েছে নানা ধর্মীয় আয়োজন।

সকালে রাঙ্গামাটি সদরের বালুখালি এলাকার তপোবন অরণ্য কুটিরে হাজারো বৌদ্ধ নর-নারী সমবেত হন। সাদা পোশাকে আসা পুণ্যার্থীদের প্রার্থনা ও ‘সাধু সাধু’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে কুটির প্রাঙ্গণ। সেখানে সংঘদান, অষ্টপরিষ্কার দান ও বুদ্ধপ্রতিবিম্ব দানসহ বিভিন্ন পুণ্যকর্ম অনুষ্ঠিত হয়।

ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। সংঘপ্রধান হিসেবে উপস্থিত থেকে পুণ্যার্থীদের পঞ্চশীল প্রদান ও ধর্মদেশনা দেন বনভান্তের শিষ্যসংঘের প্রধান এবং রাজবন বিহারের আবাসিক প্রধান ভদন্ত প্রজ্ঞালংকার মহাথের। এ সময় অন্যান্য বৌদ্ধ ধর্মীয় গুরু ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পাহাড়ের দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানের শুরুতে দেশের মানুষের মঙ্গল কামনায় সমবেত ভাবনা ও প্রার্থনা করা হয়।

দীর্ঘ তিন মাসের প্রথাগত বর্ষাবাস—উপাসনা ও ধ্যান—শেষ করে বৌদ্ধ ভিক্ষুরা মানবকল্যাণে ধর্ম প্রচারে বেরিয়ে পড়বেন। ২৫ অক্টোবর প্রবারণা পূর্ণিমার মূল অনুষ্ঠান হবে। এর পরদিন শুরু হবে বৌদ্ধদের মাসব্যাপী কঠিন চীবর দান উৎসব।

পাপমোচন, মৈত্রীভাব এবং সব প্রাণীর সুখ-শান্তি কামনায় পাহাড়ি এলাকায় ছড়িয়ে পড়েছে ধর্মীয় ও উৎসবের আবহ।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box