শনিবার, ৭ নভেম্বর ২০২৬

কিশোরীর স্বেচ্ছায় ঘর ছাড়ার ঘটনা নিয়ে নিষিদ্ধ আওয়ামী পেজে অপপ্রচার

কিশোরীর স্বেচ্ছায় ঘর ছাড়ার ঘটনাকে সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতার সঙ্গে যুক্ত করে নিষিদ্ধ আওয়ামী লীগের ফেসবুক পেজে প্রচার করা তথ্যকে মিথ্যা শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।
কিশোরীর স্বেচ্ছায় ঘর ছাড়ার ঘটনা নিয়ে নিষিদ্ধ আওয়ামী পেজে অপপ্রচার

অনলাইন ডেস্ক: কিশোরীর স্বেচ্ছায় ঘর ছাড়ার ঘটনাকে সংখ্যালঘুদের নিরাপত্তা নেই বলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করা হয়েছে বলে জানিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্টের যাচাইয়ে, পূজা দেখতে গিয়ে কিশোরী নিখোঁজ হয়েছে—এমন প্রচারকে মিথ্যা শনাক্ত করা হয়েছে। অনুসন্ধানকারী দল জানায়, আলোচিত ঘটনাকে সাম্প্রদায়িক হিসেবে উপস্থাপন করে সংখ্যালঘুদের নিরাপত্তা নেই বলে অভিযোগ করা হয়েছিল।

তবে কিশোরীর পরিবার ও পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাটির সঙ্গে ধর্মীয় কোনো যোগসূত্র নেই। কিশোরী বর্তমানে সিলেটে এক আত্মীয়ের বাসায় রয়েছেন। বাবার সঙ্গে রাগ করে তিনি স্বেচ্ছায় বাড়ি ছেড়েছেন বলে জানিয়েছেন।

বাংলাফ্যাক্টের প্রতিবেদনে বলা হয়, সুনামগঞ্জ সদর থানার ওসি জানিয়েছেন, বাবার সঙ্গে রাগ করে মেয়েটি স্বেচ্ছায় ঘর ছেড়েছে। তার বাবা সবজি বিক্রি করেন এবং মা বেঁচে নেই।

স্থানীয় একাধিক সাংবাদিকের সঙ্গেও কথা বলে কিশোরীর স্বেচ্ছায় ঘর ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাফ্যাক্ট। সিলেটে থাকা কিশোরীর বক্তব্যের একটি ভিডিওও সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি। ভিডিওতে কিশোরী জানান, তিনি এক আত্মীয়ের বাসায় আছেন এবং বাবার অত্যাচারের শিকার হয়ে বাধ্য হয়ে বাড়ি ছেড়েছেন।

বাংলাফ্যাক্ট বলছে, অনুসন্ধানে আলোচিত দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং ঘটনাটির সঙ্গে ধর্মীয় কোনো সম্পর্ক নেই।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোর ভাষ্য, চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box