
অনলাইন ডেস্ক: ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), এমপির বক্তব্যের প্রেক্ষাপট ও তথ্য উপস্থাপন নিয়ে প্রতিবাদ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
২৪ অক্টোবর এক প্রতিবাদলিপিতে মন্ত্রণালয় জানায়, কয়েকটি প্রতিবেদনের শিরোনাম ও উপস্থাপনায় মন্ত্রীর বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট যথাযথভাবে প্রতিফলিত হয়নি। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসাকে সংশ্লিষ্ট করে প্রকাশিত কিছু শিরোনাম ও বক্তব্য পাঠক সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বলে এতে উল্লেখ করা হয়।
জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে ধর্মমন্ত্রীর বক্তব্যের ভিত্তিতে প্রকাশিত কয়েকটি সংবাদ প্রতিবেদন মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হওয়ার পর এ প্রতিবাদ জানানো হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, দেশের সামগ্রিক যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দুঃখজনক ও লজ্জাকর। এসব ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রণালয় বলেছে, মন্ত্রীর বক্তব্যের যথাযথ অর্থ ও তাৎপর্য বুঝতে এর সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করা জরুরি। বক্তব্যের কোনো অংশ বিচ্ছিন্নভাবে উপস্থাপন করা হলে মূল বক্তব্য সম্পর্কে ভুল ব্যাখ্যা বা বিভ্রান্তিকর ধারণা তৈরি হতে পারে।
প্রকাশিত প্রতিবেদন ও শিরোনাম পুনর্বিবেচনা করে বক্তব্যের প্রকৃত অর্থ ও প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় সংশোধন এবং যথাযথ তথ্য উপস্থাপনের আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর সহযোগিতা চাওয়া হয়েছে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন