
অনলাইন ডেস্ক: বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য বলেছেন, এবারের দুর্গাপূজায় দেশের কোথাও সনাতন ধর্মাবলম্বীরা নিরাপত্তাহীনতায় ভোগেননি এবং উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হয়েছে।
রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
লিখিত বক্তব্যে মিল্টন বৈদ্য বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দেশজুড়ে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছে।
তিনি বলেন, বর্তমান বিএনপি সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার বিষয়টি বাস্তবে প্রমাণ করেছেন। প্রধানমন্ত্রীর ঘোষিত ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার; নিরাপত্তা পাবার অধিকার সবার’ বক্তব্যের যথার্থতাও কাজের মাধ্যমে প্রমাণিত হয়েছে বলে তিনি দাবি করেন।
মিল্টন বৈদ্য বলেন, সনাতন ধর্মের মানুষের প্রত্যাশার তুলনায় এবার রাষ্ট্রীয় আর্থিক সহযোগিতার বরাদ্দ প্রায় দ্বিগুণ করা হয়েছে। পাশাপাশি এবার পাঁচ দিন ছুটি থাকায় সাধারণ মানুষ এবং কর্মকর্তা-কর্মচারীরা পরিবারের সঙ্গে দীর্ঘ সময় উৎসব ভাগাভাগি করতে পেরেছেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার বাইরে দেশের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। তাঁর এ উদ্যোগ জাতিকে ঐক্যবদ্ধ করেছে বলে দাবি করেন তিনি।
নিরাপত্তাব্যবস্থা
পূজার সময় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল বলে জানান মিল্টন বৈদ্য। তাঁর বক্তব্য অনুযায়ী, পুলিশ, র্যাব, আনসার ও অন্যান্য বাহিনীর সমন্বয়ে সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়। সিসিটিভি ক্যামেরা ও গোয়েন্দা নজরদারির কারণে পূজারীরা শান্তিপূর্ণভাবে পূজা করতে পেরেছেন।
উৎসবের আগে ও পরে অপপ্রচার এবং ধর্মীয় উসকানির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতিও সাধারণ নাগরিক ও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আস্থা ফিরিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন