
অনলাইন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, রাজনীতিতে অনেক কিছু সহ্য করতে হয়। তাই যার মধ্যে সহনশীলতা বা ধৈর্য নেই, সে কখনোই ভালো রাজনীতিক হতে পারে না।
শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সাহিত্য পত্রিকা ‘সারেঙ’-এর ‘রেজাউদ্দিন স্টালিন সংখ্যা’র প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গত ১৭ বছরের রাজনৈতিক প্রতিকূলতার কথা স্মরণ করে রিজভী বলেন, ওই সময়ে মামলা ও কারাবরণের আশঙ্কায় অনেক নিকটাত্মীয় ও বন্ধুবান্ধব তাঁদের পারিবারিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে ভয় পেতেন। তাঁদের আন্তরিকতার অভাব ছিল না; তবে রিজভীদের উপস্থিতির কারণে অন্য অতিথিরা সমস্যায় পড়তে পারেন—এমন আশঙ্কায় অনেকে দূরে থাকতেন।
রিজভী বলেন, ওই দুঃসময়েও কবি রেজাউদ্দিন স্টালিন সাহসের সঙ্গে তাঁদের পাশে ছিলেন।
সমসাময়িক বৈশ্বিক সংকট সাহিত্যে তুলে ধরার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবী গভীর সংকটের মুখে। কবিরা সমকালীন সংকট ও মানুষের জীবন কবিতায় তুলে ধরে তাঁদের সময়কে ধারণ করেন। জনগুরুত্বপূর্ণ বিষয় কবিতায় না এলে তা পূর্ণাঙ্গ হয় না বলেও তিনি মন্তব্য করেন।
দেশের সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক পরিবর্তনের প্রসঙ্গে রিজভী বলেন, বর্তমান সরকারের আমলে সাংস্কৃতিক কর্মকাণ্ড কিছুটা বেড়েছে। এ ক্ষেত্রে শিল্পকলা একাডেমির ভূমিকা রয়েছে। রেজাউদ্দিন স্টালিনের দক্ষতা ও যোগ্যতা একটি প্রতিষ্ঠানকে কীভাবে কর্মময় ও প্রাণবন্ত করে তুলতে পারে, তার প্রমাণ রেখেছে বলেও তিনি উল্লেখ করেন।
কবি স্টালিনকে আধুনিক ও ব্যতিক্রমী স্রষ্টা আখ্যায়িত করে রিজভী বলেন, রাজনৈতিক বিশ্বাস ধারণ করলেও তিনি কোনো দলীয় কাঠামোর মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান, মুক্তচিন্তা বাংলাদেশের আহ্বায়ক আবুল কাসেম হায়দার এবং কবি ও সাংবাদিক শাহীন চৌধুরী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘সারেঙ’-এর সম্পাদক আবদুর রহমান মল্লিক। এতে আরও অংশ নেন কবি জাহাঙ্গীর ফিরোজ, কবি কামরুজ্জামান, কবি সৈকত হাবিব, কবি আসাদ কাজল এবং ছড়াকার ও এটিএন বাংলার প্রধান নির্বাহী (বার্তা) হাসান শরীফ।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন