
অনলাইন ডেস্ক: বাংলাদেশ ও জার্মানির মধ্যকার ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতাকে নতুন রূপ দেওয়া এবং দুই সরকারের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার লক্ষ্যে তিন দিনের সরকারি সফরে আগামীকাল ঢাকা পৌঁছাবেন জার্মান ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার।
জার্মান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ড. কফলার জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের (বিএমজেড) একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে চূড়ান্ত উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। এ প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদি সহনশীলতা, অর্থনৈতিক অভিযোজন ক্ষমতা ও টেকসই প্রবৃদ্ধিকে গুরুত্ব দিয়ে আলোচনা হবে।
জার্মানির সঙ্গে এই দ্বিপক্ষীয় আলোচনায় বাংলাদেশের পরিবর্তনশীল উন্নয়ন চাহিদা এবং এলডিসি উত্তরণের পর নতুন সহযোগিতার ক্ষেত্রগুলো গুরুত্ব পাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলোচনা প্রথাগত সহায়তা কাঠামোর বাইরে গিয়ে নতুন সম্ভাবনার ওপর আলোকপাত করবে।
সফরকালে ড. কফলার রাজনৈতিক সংলাপে অংশ নেবেন এবং চট্টগ্রামে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। ঢাকায় অবস্থানকালে তিনি জার্মান দূতাবাসে আয়োজিত ‘জার্মান রিইউনিফিকেশন ডে’-এর উৎসবেও যোগ দেবেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ও জার্মানির জ্যেষ্ঠ সরকারি নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, কূটনৈতিক কোরের সদস্য এবং সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের উপস্থিত থাকার কথা রয়েছে। কয়েক দশকের স্নায়ুযুদ্ধকালীন বিভাজনের পর ১৯৯০ সালে পূর্ব ও পশ্চিম জার্মানির ঐতিহাসিক একত্রীকরণ স্মরণে দিবসটি উদযাপন করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সফর বাংলাদেশের টেকসই উন্নয়নে সহায়তার ক্ষেত্রে জার্মানির অব্যাহত অঙ্গীকারের প্রতিফলন।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন