
অনলাইন ডেস্ক: সাংবাদিকদের পেশাগত নিরাপত্তাসহ যাবতীয় সমস্যা সমাধানে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন জরুরি বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
রংপুরের আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে আয়োজিত ‘দুর্নীতি বিরোধী অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতা’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
টিআইবি ও রংপুর ডিভিশন রিপোর্টার্স ফোরাম (আরডিআরএফ) যৌথভাবে কর্মশালাটির আয়োজন করে।
ড. ইফতেখারুজ্জামান বলেন, এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধানী সাংবাদিকতাকে আরও শক্তিশালী করবে। দক্ষতা ও কার্যকর ভূমিকার মাধ্যমে সাংবাদিকেরা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি সাংবাদিকদের পেশাগত সুরক্ষা ও প্রাতিষ্ঠানিক অধিকার নিশ্চিত করতে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরডিআরএফের সাধারণ সম্পাদক আপেল শাহরিয়ার বলেন, সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন ও অনুসন্ধানী সাংবাদিকতার প্রসারে টিআইবির এই উদ্যোগ প্রশংসনীয়। দুর্নীতির চিত্র তুলে ধরা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় তথ্যনির্ভর সাংবাদিকতার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
রংপুর অঞ্চলের সাংবাদিকদের মানোন্নয়নে ভবিষ্যতেও টিআইবির সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন আপেল শাহরিয়ার।
কর্মশালায় রংপুর বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত সাংবাদিকেরা অংশ নেন। এতে দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন তৈরি, তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং ডেটা সাংবাদিকতার বিভিন্ন কৌশল ও প্রায়োগিক দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন