
অনলাইন ডেস্ক: পঞ্চগড়ে ধীরে ধীরে কমছে তাপমাত্রা এবং বাড়ছে শীতের অনুভূতি। গত কয়েকদিন তাপমাত্রা ১৭ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও আজ তা ১৬ ডিগ্রির ঘরে নেমেছে। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।
এর আগের দিন একই সময়ে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
ভোরে সূর্যের দেখা মিললেও দিনভর থাকে প্রখর রোদ। সন্ধ্যার পর আবহাওয়ার পরিবর্তন ঘটে এবং বাড়তে থাকে শীতের অনুভূতি। রাতের সঙ্গে কুয়াশাও বাড়ে। ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় ঠান্ডা ও কুয়াশাচ্ছন্ন পরিবেশ বিরাজ করে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকে ঠান্ডার অনুভূতি বাড়ে। ভোরে কুয়াশার সঙ্গে হিমেল বাতাস শীতের আবহ আরও স্পষ্ট করে তোলে। তবে দিনের বেলায় রোদ উঠলে শীতের অনুভূতি কমে যায়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং রাত ও ভোরে কুয়াশার প্রবণতা বাড়ছে। দিনের বেলায় তাপমাত্রা তুলনামূলক বেশি থাকায় দিনে গরম, আর রাতে ও ভোরে ঠান্ডা অনুভূত হচ্ছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমে শীতের অনুভূতি বাড়তে পারে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন