শনিবার, ৭ নভেম্বর ২০২৬

এআই দিয়ে নিজের মৃত্যু সাজিয়ে দেড় বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

হত্যা মামলার বিচার এড়াতে এআই দিয়ে নিজের মৃত্যুর ভুয়া প্রমাণ তৈরি করে প্রায় দেড় বছর পলাতক ছিলেন রাজকুমার রাজভর। শেষ পর্যন্ত উত্তর প্রদেশের মৌ জেলা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এআই দিয়ে নিজের মৃত্যু সাজিয়ে দেড় বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে হত্যা মামলার বিচার এড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নিজের মৃত্যুর ভুয়া প্রমাণ তৈরি করেছিলেন এক ব্যক্তি। অন্ত্যেষ্টিক্রিয়ার ছবিতে এআই দিয়ে নিজের মুখ বসানো, মরদেহের পরিবর্তে ছাগল পুড়িয়ে ফেলা এবং জাল নথির ভিত্তিতে মৃত্যুসনদ সংগ্রহ—সব মিলিয়ে সাজিয়েছিলেন নিজের মৃত্যুর নাটক। এভাবে প্রায় দেড় বছর আইনের চোখে মৃত থেকে গ্রেপ্তার এড়িয়ে থাকলেও শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েছেন রাজকুমার রাজভর।

রোববার উত্তর প্রদেশের মৌ জেলার খাজাজাহানপুর এলাকা থেকে ৩৮ বছর বয়সী রাজকুমারকে গ্রেপ্তার করে কোতোয়ালি নগর পুলিশ। অভিযানে স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি) ও পুলিশের নজরদারি দল সহায়তা করে। ২০১৬ সালে যোগেশ সিং হত্যা মামলার আসামি ছিলেন রাজকুমার। পুলিশের অভিযোগ, জামিনে থাকা অবস্থায় মামলার বিচার এড়াতে তিনি নিজের মৃত্যুর মিথ্যা কাহিনি সাজান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ মে গাজীপুরে নিজের মৃত্যুর নাটক সাজান রাজকুমার। শ্মশানে চিতার ওপর রাখা একটি মরদেহের ছবিতে এআই প্রযুক্তির মাধ্যমে নিজের মুখ বসিয়ে ভুয়া ছবি তৈরি করা হয়। পরে প্রকৃত মরদেহের পরিবর্তে একটি ছাগল পুড়িয়ে ফেলা হয় বলে অভিযোগ। ঘটনাটিকে বিশ্বাসযোগ্য করতে অন্ত্যেষ্টিক্রিয়ার শোভাযাত্রা ও শেষকৃত্যের ছবিও সংগ্রহ করা হয়েছিল। এসব নথির ভিত্তিতে মৌ পৌরসভা থেকে তাঁর নামে মৃত্যুসনদ সংগ্রহ করা হয়।

হত্যা মামলার সূত্র

মামলার নথি অনুযায়ী, ২০১৬ সালের ১৯ ডিসেম্বর মুনশিপুরা রেললাইনের কাছে গুলিতে নিহত হন যোগেশ সিং। নিহতের ভাতিজা অবিনাশ সিংয়ের অভিযোগের ভিত্তিতে রাজকুমার ও তাঁর বন্ধু সুদর্শন রাজভরের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।

পুলিশের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট অনুপ কুমার জানান, রাজকুমার দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। পরে তিনি শেয়ারবাজারে লেনদেনের সঙ্গে যুক্ত হন। শেয়ারবাজারে বিনিয়োগের কথা বলে বিভিন্ন শহরের প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছিলেন বলেও অভিযোগ রয়েছে।

পুলিশের অভিযোগ, হত্যা মামলার বিচার এড়ানোর পাশাপাশি সংগৃহীত অর্থ ফেরত দেওয়ার দায় থেকেও মুক্তি পেতে নিজের মৃত্যুর ভুয়া প্রমাণ তৈরি করেন রাজকুমার। এ ঘটনায় জালিয়াতির অভিযোগে তাঁর বিরুদ্ধে নতুন মামলা করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে আবারও যোগেশ সিং হত্যা মামলার বিচারের মুখোমুখি হতে হবে।

সূত্র: Daily Amader Matribhumi

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box