
অনলাইন ডেস্ক: আগামী ৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় গ্রামপুলিশের মহাসমাবেশে অংশগ্রহণকারী সদস্যদের যাতায়াত, নিবন্ধন, নিরাপত্তা ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে প্রতি উপজেলা থেকে একজন কাউন্সিলরকে দায়িত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
গতকাল স্থানীয় সরকার বিভাগের ইউপি-২ পরিশাখা-২ শাখা থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ৭ নভেম্বর দুপুর ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক বাণিজ্য মেলার মাঠে গ্রামপুলিশ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি দিয়েছেন বলে জানানো হয়েছে।
মহাসমাবেশে অংশগ্রহণকারী গ্রামপুলিশ সদস্যদের সুশৃঙ্খল ও দলবদ্ধভাবে ঢাকায় আনা, রাজধানীতে অবস্থানকালে তাঁদের শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখা, নির্ধারিত স্থানে উপস্থিতি নিশ্চিত করা, রাজনৈতিক যোগাযোগ সমন্বয় এবং নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার দায়িত্ব পালন করতে হবে।
এ জন্য প্রত্যেক উপজেলা থেকে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের একজন উপযুক্ত কাউন্সিলরকে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে গ্রামপুলিশ সদস্যদের সঙ্গে ঢাকায় আসতে হবে। মহাসমাবেশের নির্ধারিত কার্যক্রম শেষ হলে তাঁদের নিজ নিজ কর্মস্থলে নিরাপদে ফেরানোর ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।
স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, মহাসমাবেশ সুষ্ঠু, সুশৃঙ্খল ও সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে সব উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।
এ ছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, সব বিভাগের বিভাগীয় কমিশনার, সব জেলার জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগতির জন্য নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় এসব তথ্য জানানো হয়।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন