শনিবার, ৭ নভেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সমাধান উদ্ভাবনের তাগিদ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে গবেষণার মাধ্যমে দ্রুত বাস্তবসম্মত ও কার্যকর সমাধান উদ্ভাবনের তাগিদ দিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সমাধান উদ্ভাবনের তাগিদ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর

অনলাইন ডেস্ক: ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সমাধান উদ্ভাবনে গবেষণার মাধ্যমে দ্রুত বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, কেবল তাত্ত্বিক আলোচনা বা সভা-সেমিনারের মধ্যে সীমাবদ্ধ না থেকে ডেঙ্গু মোকাবিলায় মাঠপর্যায়ে দৃশ্যমান উদ্যোগ নিতে হবে।

২৫ অক্টোবর বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের বিশিষ্ট বিজ্ঞানী ও গবেষকদের সঙ্গে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ওলবাচিয়া-ভিত্তিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ডেঙ্গু ও মশা নিয়ন্ত্রণে বৈজ্ঞানিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, দেশের বর্তমান বাস্তবতায় ডেঙ্গু গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ঢাকার মতো জনবহুল শহর এবং রাজধানীর বিভিন্ন এলাকা ও হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে বলে তিনি উল্লেখ করেন। এ বিষয়ে দীর্ঘসূত্রিতা না করে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

ফকির মাহবুব আনাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিজ্ঞানী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বাস্তবভিত্তিক পাইলট প্রকল্প গ্রহণের মাধ্যমে ডেঙ্গু সমস্যার স্থায়ী সমাধানের পথে এগোনো সম্ভব। তিনি সংশ্লিষ্ট সবাইকে সভা-সেমিনার বা পডকাস্টে সীমাবদ্ধ না থেকে মাঠপর্যায়ে সরাসরি কাজ করার আহ্বান জানান।

প্রকল্প বাস্তবায়নে যেকোনো সহযোগিতা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়ে মন্ত্রী বলেন, প্রয়োজনে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে ডেঙ্গু প্রতিরোধে সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করা হবে। তিনি বিজ্ঞানীদের গবেষণার পাশাপাশি বাস্তবভিত্তিক ও কার্যকর সমাধান নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

সভায় বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন ডেঙ্গু ও মশা দমনে গবেষণায় যৌথ সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় একক প্রচেষ্টার চেয়ে সম্মিলিতভাবে কাজ করা জরুরি।

আলোচনা সভায় বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং, যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি, জেনেটিক্স এন্ড ইমিওনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ঝিয়াওং শি এবং সিমবায়োসি এসইএর সিইও ডেভিড কুয়েক ইয়ং কি বক্তব্য দেন।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box