শনিবার, ৭ নভেম্বর ২০২৬

সরকারের সমালোচনা করে ফেসবুক লাইভ, নারী উদ্যোক্তাকে থানায় নিল পুলিশ

ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে বিএনপি সরকার ও দলের নেতাকর্মীদের সমালোচনাকে কেন্দ্র করে উত্তেজনার পর নারী উদ্যোক্তা সাথী আক্তারকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
সরকারের সমালোচনা করে ফেসবুক লাইভ, নারী উদ্যোক্তাকে থানায় নিল পুলিশ

অনলাইন ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে বিএনপি সরকার ও দলের নেতাকর্মীদের সমালোচনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সাথী আক্তার নামে এক নারী উদ্যোক্তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকা থেকে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। সাথী আক্তার ওই এলাকায় অবস্থিত সাথী বিউটি পার্লারের মালিক।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে ‘সাথী মেকওভার’ নামে একটি ফেসবুক আইডি থেকে লাইভে এসে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বারবার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

লাইভে সাথী আক্তার দাবি করেন, সম্প্রতি তার দুটি শোরুমসহ আশপাশের কয়েকটি দোকানের বিদ্যুতের তার ও এসির তার চুরি হয়েছে। বাসা থেকেও বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি যাওয়ায় তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে জানান।

এসব ঘটনায় ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। একপর্যায়ে ভোট দেওয়া নিয়ে আক্ষেপ করে বিএনপি সরকারের সমালোচনা করেন এবং চুরি-ছিনতাই নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ জানান।

তার এই লাইভ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় বলে জানা গেছে। পরে রাতে কয়েকজন স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক কর্মী তার পার্লারে গিয়ে বিষয়টি জানতে চাইলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

পার্লারে হামলা ও ভাঙচুরের আশঙ্কায় পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিরাপত্তা ও জিজ্ঞাসাবাদের জন্য সাথী আক্তারকে থানায় নিয়ে যাওয়া হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, বিউটি পার্লারে হামলার আশঙ্কার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই নারীকে থানায় নিয়ে আসে। ফেসবুক লাইভে বক্তব্য ও সমালোচনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়ে থাকতে পারে বলেও জানান তিনি।

ওসি বলেন, সাধারণ মানুষের মতপ্রকাশ ও সমালোচনার অধিকার রয়েছে। তবে উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে ওই নারীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

সূত্র: Daily Amader Matribhumi

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box